১০ বিশিষ্ট ব্যক্তি পেলেন স্বাধীনতা পুরস্কার
জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে ২০১২ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১২ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন।আজ রোববার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার ২ নম্বর আসামি এবং ২৬ মার্চ ১৯৭১ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন (মরণোত্তর); বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের শুরুতে সিরাজগঞ্জে প্রতিরোধযুদ্ধের সংগঠক এবং ১৯ মে ১৯৭১ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত সিরাজগঞ্জের তদানীন্তন মহকুমা প্রশাসক শহীদ আবুল কালাম শামসুদ্দিন (মরণোত্তর); ছাত্রী অবস্থায় মুক্তিযুদ্ধের শুরু থেকে চাঁদপুরে মুক্তিবাহিনীর চিকিত্সকের দায়িত্বপালনকারী এবং নির্যাতিত নারীদের সেবাদানকারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী এবং ‘জন্ম আমার ধন্য হলো মা গো’-এর মতো বহু গণজাগরণমূলক গানের গীতিকার এবং ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর কাছ থেকে চট্টগ্রামের আওয়ামী লীগের নেতাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তাবহনকারী মুক্তিযোদ্ধা নয়ীম গহর।শিক্ষায় সংস্কৃতিসেবী ও খ্যাতনামা নজরুলগবেষক মো. রফিকুল ইসলাম, চিকিত্সাবিদ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, সাহিত্যে প্রাবন্ধিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবুল ফজল (মরণোত্তর); গবেষণা ও প্রশিক্ষণে কৃষিবিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা, সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অন্যতম পথিকৃত্ এবং দৈনিক সংবাদের সাবেক সম্পাদক বজলুর রহমান (মরণোত্তর) এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রপ্রবাসী পদার্থবিদ ড. কামরুল হায়দার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।