১০ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
মানি লন্ডারিং, ভুয়া ব্যাংক হিসাব খোলা, ভুয়া ক্লিয়ারেন্স দেওয়া, হিসাব গোলমাল করা ও ১৮ কোটি ৪২ লাখ টাকা সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে ১০ ব্যাংক কর্মকর্তাসহ ১৮ জনের বিরুদ্ধে ৩৩টি মামলা হয়েছে। রাজধানী ও চট্টগ্রামের ১১টি থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলাগুলো দায়ের করেছে।আজ বুধবার রাজধানীর ধানমন্ডি থানা, মোহাম্মদপুর থানা, আদাবর থানা, দারুস সালাম থানা, শাহ আলী থানা, কাফরুল থানা, পল্লবী থানা, গুলশান থানা, বাড্ডা থানা, রামপুরা থানা এবং চট্টগ্রামের ডবলমুরিং থানায় এসব মামলা দায়ের করা হয়। মামলার বাদী দুদকের মানি লন্ডারিং ও অনিয়ম তদন্ত-সংক্রান্ত কমিটির প্রধান উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ। সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখার সাবেক ম্যানেজার ও বর্তমানে প্রধান কার্যালয়ের এজিএম আজিজুল হক, জ্যেষ্ঠ কর্মকর্তা নাজিমুদ্দিন আহমেদ, নিজাম উদ্দিন, ক্লিয়ারিং হাউসের কর্মকর্তা লুত্ফর রহমান, সাপোর্টিং সাব স্টাফ আজিজুল হক ও মাইনুল হক, মোবাইল মেলার মালিক আবু সালেক, শ্যামল বাংলা প্রোপার্টিজ লিমিটেডের মালিক নুরে আলম ও বাবুল মিয়াসহ মোট ১৮ জনের নামে এসব মামলা হয়েছে।উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ জানান, প্রাথমিক তদন্তে উল্লেখ্য আসামিদের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। মামলাগুলোর এজাহারে বলা হয়েছে, সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখায় কিছু ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে ব্যক্তি হিসাব খোলা এবং ওই হিসাবগুলোর পরিপ্রেক্ষিতে চেক বই ইস্যু করা হয়। পরে ভিন্ন নামে আরও ১৮টি বেসরকারি ব্যাংকের ৩৩টি হিসাব খোলা হয়। পরে সোনালী ব্যাংকের চেক কেটে ওই সব বেসরকারি ব্যাংকে টাকা জমা দেওয়া হয়। সোনালী ব্যাংকের হিসাবে অর্থ না থাকলেও ব্যাংকের ক্লিয়ারিং হাউসের ছাড়পত্রের (ক্লিয়ারিং) কারণে বেসরকারি ব্যাংকগুলো বিভিন্ন চেকের পরিপ্রেক্ষিতে অর্থ দিয়েছে। এভাবে মোট ১৮ কোটি ৪২ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। তাই মানি লন্ডারিং, ভুয়া হিসাব খোলা, ভুয়া ক্লিয়ারেন্স দেওয়া, ব্যাংকে হিসাব গোলমাল করায় দণ্ডবিধি ৪০৯/১০৯, দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং আইন ২০১২-এর ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে বিভিন্ন থানার কর্তব্যরত কর্মকর্তারা নিশ্চিত করেছেন।