১০ মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেছেন। আজ বুধবার রাজধানীর কোতোয়ালি, সূত্রাপুর ও গেন্ডারিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। আজ সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার কোতোয়ালি এলাকার স্টার সিনেমা হলের গলিতে অভিযান চালান। সেখানে গাঁজাসহ মামুন ও আবদুর রশিদ নামে দুজনকে গ্রেপ্তার করেন। পরে আদালত সূত্রাপুরের কেএম দাস রোড, চামারপট্টি, দয়াগঞ্জ ও কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে কামাল, আজিম, উজ্জ্বল, নজরুল ইসলাম, বাবুল, আমানুল্লাহ, আল-আমিন ও ইয়াকুব আলী নামের আট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। পরে তাঁদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গেন্ডারিয়া কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।আদালত পরিচালনাকারী ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১-৭ক ধারায়) ১০ জনকে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধারায় ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তাঁদের কাছ থেকে গাঁজা ও কিছু ইনজেকশন পাওয়া গেছে। এগুলো ধ্বংস করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ক্রেতা হিসেবে তাদের লোক হাতকড়াসহ সাদা পোশাকে মাদক কিনতে গিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম, নুসরাত জাহান, গোয়েন্দা পুলিশের দুজন উপপরিদর্শক, দুজন উপসহকারী পরিদর্শক ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত ছিল।