১০ মাস আগে কেন নয়
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলে বলেছেন, বিশ্বব্যাংক দুর্নীতি সম্পর্কে যেসব চিঠিপত্র দিয়েছিল, সে অনুযায়ী এখন যে ব্যবস্থা নেওয়া হলো, ১০ মাস আগে কেন সেই ব্যবস্থা নেওয়া হলো না। তিনি বলেন, ‘সরকারকে জানাতে হবে কী কারণে এই ১০ মাস নষ্ট করা হলো।’ আজ শুক্রবার সকালে রাজধানীর নয়া পল্টনের একটি হোটেলে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির নেতাদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রতিবেদনে মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বব্যাংকের কথা অনুযায়ী ১০ মাস আগে ব্যবস্থা নেওয়া হলে আজ এই পর্যায়ে পৌঁছাতে হতো না।’ তিনি বলেন, বিএনপি বরাবর বলে এসেছে তাঁরা চায় যে পদ্মা সেতু হোক। ‘আমরা এটাও বলেছি যে বিশ্বব্যাংকের ঋণ ছাড়া পদ্মা সেতু তৈরি করা সম্ভব হবে না।’ বিএনপির এই নেতা আশা প্রকাশ করে বলেন, বিএনপি প্রত্যাশা করে সরকার এরপর পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি প্রশ্রয় দেবে না। দুর্নীতিবাজদের নাম প্রকাশ করবে ও তাদের শাস্তির ব্যবস্থা করবে।