১০ মাস ধরেই চলছিল ক্ষমতা দখলের চক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা দখলের সময় যেমন সেনাবাহিনীকে ব্যবহার করেছিলেন, তেমনি ’৯০-এ তাঁর বিরুদ্ধে পরিচালিত গণ-অভ্যুত্থান ঠেকাতেও তাদের ব্যবহার করতে চেয়েছিলেন। দ্বিতীয়বার সফল না হলেও প্রথমবার তিনি সফল হন। এরশাদ বিচারপতি সাত্তারের নির্বাচিত সরকারকে উত্খাত করে ক্ষমতা দখল করেন ১৯৮২ সালের ২৪ মার্চ। কিন্তু তাঁর ক্ষেত্র প্রস্তুত করেছিলেন ব্যর্থ সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকেই। জিয়া হত্যায় তত্কালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদের হাত ছিল কি না, তা নিশ্চিত করে বলা না গেলেও সেদিন থেকেই যে তিনি ক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছিলেন, নানা তথ্য-উপাত্ত ও ঘটনায় তার প্রমাণ পাওয়া যায়।জিয়া নিহত হন ৩০ মে ১৯৮১। এরশাদ ক্ষমতা দখল করেন ২৪ মার্চ ১৯৮২। ক্ষমতা দখলের লক্ষ্যে এই ১০ মাস ধরেই তিনি ক্ষেত্র প্রস্তুত করেছেন, প্রকাশ্যে ও গোপনে চালিয়েছেন তত্পরতা। বিচারপতি আবদুস সাত্তারের মতো একজন বয়োবৃদ্ধ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার পেছনে তাঁর নেপথ্য ভূমিকা ছিল। জিয়ার মৃত্যুর পরই বিএনপির মধ্যে উপদলীয় কোন্দল স্পষ্ট হয়ে ওঠে। এদের মধ্যে এক গ্রুপ বিচারপতি সাত্তারের পক্ষ নেয়, অন্য গ্রুপ তাঁর বিরোধিতা করে। জিয়ার মৃত্যুর পাঁচ মাস পর ১১ অক্টোবর লন্ডনের গার্ডিয়ান-এ এক সাক্ষাত্কারে এরশাদ প্রথম রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর অংশীদারি দাবি করেন। এরপর ১৮ অক্টোবর এনায়েতউল্লাহ খান সম্পাদিত হলিডেতে আরেক সাক্ষাত্কারে একই দাবি পুনর্ব্যক্ত করে বলেন, দেশে ভবিষ্যতে আর যাতে কোনো অভ্যুত্থান ঘটাতে না পারে, সে জন্য সামরিক বাহিনীকে সরাসরি দেশের প্রশাসনে জড়িত রাখতে হবে। সেনাবাহিনীর এ ভূমিকার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি সংবিধানে প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দেন।এরপর ২৭ নভেম্বর যেদিন বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন, সেদিনও এরশাদ বিবিসির সঙ্গে সাক্ষাত্কারে একই দাবি তোলেন। (সূত্র: চলমান ইতিহাস, মওদুদ আহমদ)২৮ নভেম্বর এরশাদ সংবাদপত্র সম্পাদকদের তাঁর অফিসে আমন্ত্রণ জানিয়ে একটি লিখিত বক্তব্য তাঁদের হাতে তুলে দেন, যার শিরোনাম ছিল Role of military in Bangladesh। এতে স্পষ্ট করে বলা হয়, সামরিক বাহিনী দেশ রক্ষার কাজ করবে এবং দেশ পরিচালনাও করবে। সার্বভৌমত্ব শুধু সীমান্ত রক্ষার ওপরই নির্ভর করে না; এ দেশের অর্থনৈতিক উন্নয়নের ওপরও নির্ভর করে। সুতরাং এ দুই কাজেই সেনাবাহিনীকে জড়িত থাকতে হবে।কোনো নির্বাচিত সরকারের পক্ষেই এ দাবি মেনে নেওয়া সম্ভব ছিল না। ২৯ নভেম্বর পত্রিকায় এরশাদের খবর প্রকাশিত হওয়ার পর বিচারপতি সাত্তার ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কেউ কেউ এরশাদকে তত্ক্ষণাৎ সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করারও পরামর্শ দেন। আবার কেউ কেউ ভেবেচিন্তে কাজ করতে বলেন। বঙ্গভবনের আলোচনার খবর দ্রুত সেনানিবাসে পৌঁছে যায়। এরপর এরশাদ তাঁর চিরাচরিত স্বভাব অনুযায়ী বিচারপতি সাত্তারের সঙ্গে সাক্ষাৎ করে সম্পাদকদের কাছে দেওয়া বক্তব্য অস্বীকার করেন এবং ভুল স্বীকার করেন।এরশাদের প্রথম প্রধানমন্ত্রী আতাউর রহমান খান প্রধানমন্ত্রীর নয় মাস বইয়ে লিখেছেন, ‘উনিশ শ বিরাশি সালের মার্চ মাসে সামরিক আইন জারি করা হয়। ইহার আভাস কিছুদিন আগে হইতেই পাওয়া যাইতেছিল। প্রায় এক বছর আগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একাংশের আক্রমণে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন। ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আবদুস সাত্তার তাহার স্থলাভিসিক্ত হন।...সামরিক বাহিনীর অধিনায়ক জেনারেল এরশাদ এক দীর্ঘ বিবৃতির মাধ্যমে দেশের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়া সতর্কবাণী উচ্চারণ করেন যে দেশকে এইভাবে চলিতে দেওয়া যাইতে পারে না।’মওদুদ আহমদ চলমান ইতিহাস-এ আরও লিখেছেন, ‘কথিত আছে পরদিন এরশাদ দুপুরে আবার বঙ্গভবনে যান এবং কোরআন ছুঁয়ে শপথ নেন যে, তিনি এ ধরনের উক্তি আর করবেন না।’ পত্রিকায় খরব প্রকাশিত হয়, ১৬ জন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত চলছে এবং বিচারপতি সাত্তারই এই তদন্তের নির্দেশ দিয়েছেন। ইত্তেফাক ও সংবাদ-এ খবরটি একটি বিশেষ গোয়েন্দা বিভাগ সরবরাহ করেছিল বলে মওদুদের বইয়ে উল্লেখ করা হয়।এর পরও এরশাদের ক্ষমতা দখলের ষড়যন্ত্র অব্যাহত থাকে। মন্ত্রিসভার সদস্যরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। একাংশ বিচারপতি সাত্তারের প্রতি আস্থা ব্যক্ত করলেও অপর অংশ তাঁর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে। মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ডা. আবদুল মতিন। তাঁর সঙ্গে প্রতিমন্ত্রী আবুল কাশেমের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরেই আবুল কাশেমের বাড়ি থেকে খুনের আসামি ইমদাদুল হক ইমদুকে গ্রেপ্তার করা হয়। সরকারের ভাবমূর্তি নষ্ট করাই ছিল মূল লক্ষ্য।রাষ্ট্রপতি সাত্তার ক্ষমতায় টিকে থাকতে সশস্ত্রবাহিনীর সঙ্গে বোঝাপড়ার চেষ্টাও করেছিলেন। তিনি এরশাদের প্রস্তাব অনুযায়ী সামরিক বাহিনীকে প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য একটি জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করেন। প্রথমেই সদস্যসংখ্যা ১০ করা হলে সেনাপ্রধান আপত্তি জানান। তাঁদের দাবি, কাউন্সিলে সেনাবাহিনীকে সংখ্যালঘিষ্ঠ করা যাবে না। পরে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানকে নিয়ে ছয় সদস্যের কাউন্সিল করা হয়।এরপর বেসামরিক প্রশাসনে সামরিক বাহিনীর হস্তক্ষেপ বেড়ে যায় এবং তারা একে অধিক ক্ষমতাবান কর্তৃপক্ষ হিসেবে ধরে নেয়। ১১ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণে মন্ত্রিসভা বিলুপ্ত করে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। কিন্তু যাঁদের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ ছিল, তাঁরাও বহাল থাকেন। ১৯ ফেব্রুয়ারি কিছু সেনা কর্মকর্তা বঙ্গভবনে গিয়ে মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ পেশ করেন এবং সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ দেন। বিচারপতি সাত্তার অদক্ষ ও দুর্নীতিবাজদের মন্ত্রিসভা থেকে বাদ দিতে রাজি হলেও ক্ষমতা হস্তান্তরে রাজি হননি।তিনি পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তাঁর মন্ত্রিসভার বিরুদ্ধে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ আনেন।১৯ ফেব্রুয়ারি হস্তক্ষেপের পর সেনাবাহিনী একটি উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। ১৯৮২ সালের ২৪ মার্চ সকালে একদল সামরিক অফিসার বঙ্গভবনে গিয়ে বন্দুকের মুখে রাষ্ট্রীয় ক্ষমতা পুরোপুরি দখল করে নেন। সেদিন এরশাদ বেতার টিভিতে দেওয়া ভাষণে বলেছিলেন, ‘জনগণের ডাকে সাড়া দিতে হইয়াছে, ইহা ছাড়া জাতির সামনে আর কোনো বিকল্প ছিল না।’এরশাদ সম্প্রতি একটি পত্রিকায় সাক্ষাত্কারে দাবি করেছেন, তিনি ক্ষমতা দখল করেননি। রাষ্ট্রপতি সাত্তার স্বেচ্ছায় তাঁর হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। তাঁর এ দাবি যে অসত্য, তার প্রমাণ এরশাদ ক্ষমতা দখল করেছেন ২৪ মার্চ সকালে। আর রাষ্ট্রপতি সাত্তার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ১০ ঘণ্টা পর ওই দিন সন্ধ্যায়।এরশাদ ক্ষমতা দখলের পক্ষে যেসব যুক্তি তুলে ধরেছিলেন, একই যুক্তি ১৯৫৮ সালে আইয়ুব খান ও ১৯৬৯ সালে ইয়াহিয়া খানও দিয়েছিলেন। পূর্বসূরি এই দুই সামরিক শাসকের পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ। গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানোর পর দুর্নীতির দায়ে এরশাদকেও জেল খাটতে হয়েছে। যে সপ্তম সংশোধনী তাঁর ক্ষমতার রক্ষাকবচ ছিল, গতকাল হাইকোর্টের রায়ে তাও বাতিল হয়ে গেছে। এরশাদের শাসনামলকে দেশের জনগণ কখনোই বৈধতা দেয়নি।সাংবিধানিক সরকার উত্খাত এবং সেনাপ্রধান পদের শপথ ভঙ্গের দায়ে তাঁর বিচার হওয়া উচিত।