১০ মাস পর ফিরে চার ঘণ্টা থেকেই ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১০ মাস বর্জনের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলের সদস্যরা সংসদ অধিবেশনে ফিরেই ওয়াকআউট করেছেন। গতকাল তাঁরা প্রায় চার ঘণ্টা অধিবেশনে উপস্থিত ছিলেন। বিরোধী দলের যোগদান ও ওয়াকআউটের ফলে গতকাল সংসদ অধিবেশন ছিল একই সঙ্গে প্রাণবন্ত ও উত্তপ্ত।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবিরের সন্ত্রাসী ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বক্তব্যের প্রতিবাদে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সদস্যরা সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে সংসদ থেকে ওয়াকআউট করেন।সাহারা খাতুন তাঁর বক্তব্যে ‘খুনি মোশতাক-জিয়া চক্র স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরকে লালনপালন এবং রাজনৈতিকভাবে পুনর্বাসন করছে’—এ অভিযোগ করলে বিরোধী দলের সদস্যরা এর তীব্র প্রতিবাদ জানান। শহীদ উদ্দিন চৌধুরী মাইক ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ এক্সপাঞ্জ করার দাবি জানান। এ সময় স্পিকার বলেন, ৩০০ বিধির বক্তব্যের ওপর আলোচনা করা যায় না। এরপরই বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।এর আগে বেলা তিনটা ১০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল সংসদের অধিবেশন শুরু হয়। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ৩৩ জন সদস্য এ সময় সংসদে যোগ দেন। দীর্ঘদিন পর বিরোধী দল অধিবেশনে ফিরে আসায় সরকারি দলের সদস্যদের মধ্যেও ছিল প্রাণচাঞ্চল্য। সাংবাদিক ও দর্শক গ্যালারিগুলো গতকাল ছিল কানায় কানায় পূর্ণ।বিরোধী দলের সংসদে ফেরার মুহূর্তে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপস্থিত থাকলেও কিছুক্ষণ পর তিনি সংসদে যোগ দেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ সরকারি দলের জ্যেষ্ঠ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে স্বাগত জানিয়ে বলেন, ‘আশা করি, বিরোধী দলের সংসদে যোগদান সংসদকে আরও প্রাণবন্ত করে তুলবে।’ এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।অধিবেশনকক্ষে নিজের আসনে বসে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক প্রথমে বক্তব্য দেন। এ সময় সরকারি দলের চিফ হুইপ আবদুস শহীদ সংবিধান ও কার্যপ্রণালি বিধি দেখিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কিন্তু স্পিকার তাঁর আবেদনে সাড়া না দিয়ে বলেন, বিরোধী দলের চিফ হুইপের বক্তব্য আগে শেষ হোক।জয়নাল আবদিন বিরোধী দলের প্রথম সারির আসনগুলো পুনর্বণ্টন করার দাবি এবং সংসদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ নিয়ে সংসদে অসত্য বক্তব্যেরও নিন্দা জানান।চিফ হুইপ বলেন, ‘আমরা সংসদকে কার্যকর রাখতে চাই। এ জন্য বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টিপাইমুখ বাঁধ, সীমান্তে বিডিআর সদস্য নিহত হওয়া, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ভর্তি-বাণিজ্য এবং কারাগারে-পুলিশি হেফাজতে মৃত্যুর মতো বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ দিতে হবে।’স্পিকার বিরোধী দল ও সরকারি দলকে পরমতসহিষ্ণু আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘এক দিনেই সব কথা বলা সম্ভব নয়। সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হবে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সুযোগ আমি দেব।’কে কোথায় বসেছেন: বিরোধী দলের প্রথম সারিতে বিরোধীদলীয় নেত্রীর পরের আসনে যথাক্রমে গতকাল মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, সালাউদ্দিন কাদের চৌধুরী ও এম কে আনোয়ার বসেছেন। মওদুদ আহমদ ও জমিরউদ্দিন সরকার উপনির্বাচনে নির্বাচিত হওয়ার পর গতকালই প্রথম সংসদে যোগ দিলেন।প্রথম অধিবেশনে খালেদা জিয়ার পাশের আসনে বসেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এখন তাঁর আসন হয়েছে চতুর্থতে।নবম সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন গত বছরের ৭ এপ্রিল বিরোধী দল সর্বশেষ সংসদে যোগ দিয়েছিল। অধিবেশনকক্ষের সামনের সারিতে আসন বাড়ানোর দাবিতে তারা সংসদ বর্জন শুরু করে। এরপর বাজেট অধিবেশনসহ দুটো অধিবেশনের পুরো সময় তারা টানা অনুপস্থিত ছিল।জমিরউদ্দিনকেই দুষলেন চিফ হুইপ: বিরোধী দলের প্রথম সারিতে আসন নিয়ে জটিলতা সৃষ্টির জন্য সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারকেই দুষলেন চিফ হুইপ আবদুস শহীদ। বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিনের জবাবে তিনি এই অভিযোগ করে বলেন, ‘কোনো আলোচনা ছাড়াই সাবেক স্পিকার একতরফাভাবে বিরোধী দলের প্রথম সারিতে আসন বণ্টন করে সংসদ অকার্যকরের ষড়যন্ত্র করেছেন। এই ষড়যন্ত্রের জন্য তিনিই দায়ী থাকবেন।’এই বক্তব্য খণ্ডন করে জমিরউদ্দিন সরকার বলেন, ‘আমি কার্যপ্রণালি বিধি মেনেই আসন বণ্টন করেছি। কোনো কিছু বেআইনিভাবে করিনি।’স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি: ওয়াকআউট করার পর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের অবহিত করেন বিরোধী দলের সাংসদেরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও সালাউদ্দিন কাদের চৌধুরী এ সময় বক্তব্য দেন। তাঁরা সবাই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পদত্যাগ দাবি করেন।মওদুদ আহমদ বলেন, ‘৬৪ কার্যদিবস পর আমরা সংসদে এসেছিলাম জাতীয় স্বার্থের কথা চিন্তা করে। কিন্তু ৩০০ বিধিতে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমানকে খুনি বলে মন্তব্য করেছেন। এটা শুধু কার্যপ্রণালি বিধি নয়, সবটাই শিষ্টাচারবিরোধী। স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্বেষ ও উসকানিমূলক বক্তব্য রেখেছেন, যাতে বিরোধী দল সংসদে না থাকে।’এম কে আনোয়ার বলেন, ‘আজ সংসদে এসেছিলাম জনগণের কথা বলার জন্য। আমাদের আশা ছিল সংসদে শালীন বক্তব্য হবে, একটি সুষ্ঠু পরিবেশ হবে।’সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলতে দাঁড়িয়েছিলাম, আপনি বিএনপি-জামায়াতের মধ্যে শত্রু খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু শত্রু এখানে নেই। এখানে প্রতিদ্বন্দ্বী আছে। শত্রু আছে প্রধানমন্ত্রীর আশপাশে।’ তিনি বলেন, ‘আমরা চাই সরকার স্থিতিশীল হোক। একজন দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী দিক।’ বক্তব্য দেওয়ার সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে ‘সুশ্রী’ বলে মন্তব্য করেন।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন, জমিরউদ্দিন সরকার, মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী, শামসুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাংসদ শামসুল ইসলাম, এইচ এম হামিদুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান প্রমুখ ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।