১০ মাসে পারমাণবিক বোমা বানাবে ইরান!
দুই থেকে চার মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে ইরান। এটি সম্ভব হলে আট থেকে ১০ মাসের মধ্যে পারমাণবিক বোমা বানানো যাবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি’র (ইসিস) এক প্রতিবেদনে গত সোমবার এ কথা জানানো হয়েছে। প্রতিবেদনটির লেখকেরা জানান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অনেক দূর এগিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অস্ত্র পরিদর্শকেরা এখনো ইরানকে এ যাত্রা থেকে প্রতিহত করতে পারবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে ইসিসের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে ইউরেনিয়ামের মজুদ এবং সমৃদ্ধকরণের পরিমাণ হিসাব করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একটি পরমাণু অস্ত্র তৈরিতে ২৫ কেজি উন্নত মানের ইউরেনিয়াম দরকার। এ লক্ষ্যে পৌঁছাতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩.৫ শতাংশ বাড়াতে হবে এবং ২০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রাখতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান পর্যাপ্ত পরিমাণে ‘উইপন গ্রেড ইউরেনিয়াম’ তৈরি করে পরমাণু অস্ত্র তৈরি করতে পারলে জাতিসংঘের পর্যবেক্ষক কিংবা অন্য কোনো দেশের পক্ষে সেটি বোঝা সম্ভব নয়। কারণ, ভূগর্ভস্থ কোনো স্থানে পরীক্ষা না চালালে কিংবা অস্ত্র বানানোর ঘোষণা দিলে ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ সম্বন্ধে কিছুই জানা যাবে না। তাই ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে ফেরানোর একটাই উপায়। সেটি হলো, পরমাণু বিস্ফোরক উত্পাদন থেকে দেশটিকে সরিয়ে রাখা।