১০ মাসেও কার্যকর হয়নি উপজেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সব ক্ষেত্রেই এমপি সাহেব খবরদারি করেন, পরামর্শ দেন। এমনকি কাবিখাতেও (কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি)। নতুন পরিপত্রে আছে, ইউএনও উপজেলা পরিষদের কর্মকর্তাদের বার্ষিক গোপন প্রতিবেদন (এসিআর) তৈরি করবেন। তাহলে কর্মকর্তারা চেয়ারম্যানদের কথা শুনবেন কেন? এভাবে এমপি আর ইউএনও মিলে উপজেলা পরিষদকে অকার্যকর করে ফেলেছেন।’ক্ষোভের সঙ্গে প্রথম আলোর কাছে কথাগুলো বললেন রংপুরের বদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা বিশ্বনাথ সরকার।কটিয়াদী উপজেলার চেয়ারম্যান আলী আকবর প্রথম আলোকে বলেন, ‘এত দিন হয়ে গেল, বেতন-ভাতা পাচ্ছি না। ইউএনও ব্যক্তিগতভাবে খরচ করতে পারলেও আমরা পারছি না। তবে আমার এখানে এমপির হস্তক্ষেপ অতটা নেই। কায়দা-কানুন করে টিকে আছি। কিন্তু সারা দেশে এমপি ও ইউএনওদের হস্তক্ষেপ আছে। ফলে উপজেলা ব্যবস্থা ঠিকভাবে কাজ করতে পারছে না।’ আলী আকবরও স্থানীয় আওয়ামী লীগের নেতা। ‘ক্ষমতার বিকেন্দ্রায়ন করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদকে শক্তিশালী করা হবে।’ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে গুরুত্বপূর্ণ কর্মসূচি অংশে স্থানীয় সরকার বিষয়ে এ প্রতিশ্রুতির কথা বলা আছে।কিন্তু ১০ মাস কেটে গেলেও উপজেলা পরিষদ কার্যকর হয়নি। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কাজ এখনো নির্ধারণ হয়নি। তাঁদের সম্মানী ভাতাও নেই। ক্ষমতা ও কর্তৃত্ব কার্যত সাংসদ ও ইউএনওদের মধ্যেই সীমাবদ্ধ। চেয়ারম্যানদের অনেক দাবি-দাওয়া ও অসন্তোষ থাকলেও সমাধান হচ্ছে না। সরকারের নেওয়া নানা উদ্যোগ চেয়ারম্যানরা মেনে নিচ্ছেন না।আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসে উপজেলা নির্বাচনের ব্যবস্থা করলেও নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের কাজ করার সুযোগ সীমিত। তা ছাড়া দুই বছর আগে মেয়াদোত্তীর্ণ হলেও এখনো ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও দুটি সিটি করপোরেশনের নির্বাচন হয়নি।যোগাযোগ করা হলে স্থানীয় সরকার কমিশনের সাবেক সদস্য তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, উপজেলা ব্যবস্থা এখনো অকার্যকর। নতুন পরিপত্র জারি করে ১০টা মন্ত্রণালয়ের ১৩টি বিভাগ উপজেলা পরিষদে হস্তান্তর করা হলেও এখানে ইউএনওকে এমনভাবে রাখা হয়েছে, তাতে রশি টানাটানি থেকেই গেল।স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, উপজেলা পরিষদকে কার্যকর করতে প্রথমবারের মতো বিদ্যমান আইনে সংশোধনী আনা হচ্ছে। কিন্তু এ সংশোধনীতে সাংসদদের উপজেলা পরিষদে উপদেষ্টা থাকার ধারা বাতিল করা হচ্ছে না। ইতিমধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয় সংশোধনীর খসড়া করেছে। খসড়ায় আছে, ইউএনও হবেন উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা দেবেন। সংশোধনীতে ইউএনওদের দায়িত্ব ও কার্যাবলি বিধি দ্বারা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এ ছাড়া মূল আইনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরখাস্ত করার বিধান ছিল না। প্রস্তাবিত সংশোধনীতে তাঁদের বরখাস্তের বিধান রাখা হয়েছে। তবে বরখাস্তের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শাও নোটিশ দিতে হবে। সংসদের চলতি অধিবেশনে সংশোধনীটি পাস হতে পারে।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, উপজেলা ব্যবস্থাকে কার্যকর করতে সংসদের চলতি অধিবেশনে আইনের সংশোধনী আনা হবে।উপজেলা পরিষদ কার্যকরের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘উপজেলা পরিষদের আইনেরও কিছু পরিবর্তন হবে। তা ছাড়া উপজেলা পরিষদকে নিবিড় পর্যবেক্ষণে রাখছি। কোথায় কোথায় কাজের সমস্যা হচ্ছে, দেখছি। যেখানেই সমস্যা মনে করব, তা সমাধানের জন্য প্রয়োজনে আইন পরিবর্তন করব। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে কাজ ভাগ করে দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই পরিপত্র জারি হবে।’৩০ ডিসেম্বর পরিপত্র জারি করে ১০টি মন্ত্রণালয়ের ১৩টি বিভাগ উপজেলা পরিষদে হস্তান্তর করা হলেও উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা তা মানতে চাইছেন না। সভা-সমাবেশ করে তাঁরা বলছেন, উপজেলা পরিষদে সাংসদ ও ইউএনওদের নিরঙ্কুশ কর্তৃত্ব। চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের কাজ করার সুযোগ সীমিত।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চেয়ারম্যান জানান, কাজের পরিধি নিয়ে সাংসদ ও চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর অবসানে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিষদের উপদেষ্টা থেকে সাংসদদের বাদ দেওয়ার দাবি থাকলেও বিষয়টি ঝুলে আছে। উপজেলা পরিষদ কার্যক্রম বাস্তবায়ন বিধিমালা, উপজেলা পরিষদ বাজেট (প্রণয়ন ও অনুমোদন) বিধিমালা, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব, ক্ষমতা ও সুযোগ-সুবিধা (সম্মানী) বিধিমালার খসড়া কয়েক মাস ধরে অর্থ ও আইন মন্ত্রণালয়ে পড়ে আছে।এ রকম পরিস্থিতিতে সম্প্রতি এক পরিপত্রে উপজেলা ইউএনওর কার্যালয়সহ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম উপজেলা পরিষদে হস্তান্তর করা হয়েছে। এসব বিভাগের কর্মকর্তা ও কর্মচারী উপজেলা চেয়ারম্যানের তত্ত্বাবধানে কাজ করবেন। তবে তাঁদের কার্যক্রম সমন্বয় করবেন ইউএনও। উপজেলা পরিষদকে কার্যকর করার জন্য সরকার এসব পদক্ষেপ নিলেও স্থানীয় সরকারের এ স্তরটি কার্যকর ও শক্তিশালী হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।উপজেলা চেয়ারম্যানদের একটি অংশ বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ফোরাম এ পরিপত্র প্রত্যাহারের দাবি করেছে। সম্প্রতি সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক মুহিবুর রহমান পরিপত্রকে শুভঙ্করের ফাঁকি আখ্যা দিয়ে শিগগিরই তা সংশোধনের দাবি জানান। আবার চেয়ারম্যানদের অপর অংশ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব উপজেলা পরিষদ এ পরিপত্রের মাধ্যমে উপজেলা পরিষদ কার্যকর করার বিষয়ে অগ্রগতি হচ্ছে বলে মনে করে। তবে দুটি সংগঠনই উপজেলা পরিষদের ১৯৯৮ সালের আইনের সংশোধনী এনে সাংসদদের উপদেষ্টা থেকে বাদ দেওয়ার দাবি করেছে।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব উপজেলা পরিষদের সদস্য-সচিব এবং নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, যে পরিপত্রটি জারি করা হয়েছে, তা ১৯৯৮ সালের আইনের আলোকে। তাই আইনটি সংশোধন করে উপজেলা পরিষদকে কার্যকর করতে হবে। তিনি বলেন, ‘এর মাধ্যমে ১০টি মন্ত্রণালয়ের ১৩টি বিভাগ উপজেলা পরিষদে হস্তান্তর করা আমাদের বড় অর্জন।’ অন্যদিকে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ফোরাম মনে করে, পরিপত্রটি উপজেলা পরিষদ আইনের সঙ্গে সাংঘর্ষিক। এ সম্পর্কে জানতে চাইলে স্থানীয় সরকার সচিব মঞ্জুর আহমেদ প্রথম আলোকে বলেন, এ পরিপত্র বিদ্যমান আইনের পরিপন্থী নয়। বরং এতে উপজেলা পরিষদ আরও কার্যকর হয়েছে। তবে কাজ করতে গিয়ে কোনো সমস্যা দেখা দিলে পরবর্তীকালে তা সংশোধন করা হবে।সরকারের নীতি-নির্ধারণী সূত্রে জানা গেছে, সাংসদেরা উপদেষ্টা থাকায় সমস্যা সৃষ্টি হলে প্রয়োজনে আবার আইন সংশোধন করা হবে। তবে সরকার এ ক্ষেত্রে আরও কিছুদিন অপেক্ষা করার নীতি নিয়েছে। এ ছাড়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের মধ্যে কাজ ভাগ করে দেওয়ার প্রক্রিয়া চলছে। এ সংক্রান্ত একটি পরিপত্র বর্তমানে আইন মন্ত্রণালয়ে আছে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।স্থানীয় সরকারব্যবস্থা পুরোপুরি কার্যকর হচ্ছে না কেন জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন ক্ষমতায় আসি, তখন স্থানীয় সরকারের কোনো আইনই ছিল না। আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইন করেছে। আশা করছি, নির্বাচন কমিশন চলতি বছর শেষ হওয়ার আগেই সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে পারবে। এটা স্থানীয় সরকারকে শক্তিশালী ও গণতন্ত্রীকরণের একটা প্রক্রিয়া।’এদিকে উপজেলা পরিষদকে শক্তিশালী ও স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার হিসেবে প্রতিষ্ঠিত করতে ১০ দফা দাবি তুলেছেন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ফোরাম। সংগঠনটি ২০ জানুয়ারির মধ্যে দাবি মেনে নিতে সরকারের কাছে সময়সীমা বেঁধে দিয়েছে। দাবি না মানলে ২১ জানুয়ারি ঢাকায় সমাবেশ করে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।