১০ মাসের মধ্যে কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল গেছে মালয়েশিয়ায়। মন্ত্রী জানিয়েছেন, ১০ এপ্রিল পদ্মা সেতু নির্মাণে সমঝোতা স্মারক সই হবে। কিন্তু অর্থমন্ত্রী বলেছেন, পদ্মা সেতু নয়, মালয়েশিয়ার সঙ্গে হবে অবকাঠামো উন্নয়নের সমঝোতা স্মারকআগামী ১০ মাসের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ-মন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই নিয়ে গতকাল রোববার সড়ক ভবনে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ১০ এপ্রিল দুপুরে (মালয়েশিয়া সময়) এমওইউ সই হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত গত রাতে মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছে।যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, মালয়েশিয়া নির্মাণ, মালিকানা ও হস্তান্তর (বিওওটি) ভিত্তিতে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করবে। সেতুর জন্য অর্থ জোগাড় করতে কোনো সমস্যা হবে না বলে মালয়েশিয়া নিশ্চিত করেছে। ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে মালয়েশিয়া কত টাকা দেবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বিস্তারিত চুক্তির সময় তা ঠিক করা হবে। বিস্তারিত চুক্তি কবে হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনো সময় নির্ধারণ করা হয়নি। তবে খুব শিগগির হবে।মালয়েশিয়ায় যোগাযোগমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ, সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। গত শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, পদ্মা সেতু মালয়েশিয়ার অর্থে নির্মিত হবে। ১০ এপ্রিল বিষয়ে এমওইউ সই হবে। গতকাল এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মালয়েশিয়ার সঙ্গে এমওইউ সই হলেই যে বিশ্বব্যাংক বা অন্য দাতাদের সঙ্গে করা ঋণচুক্তি বাতিল করতে হবে, এমন কোনো কথা নেই। তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের হাতে সময় কম বলেই বিকল্প অর্থায়নের চিন্তা করা হয়েছে। আশা করি, বিশ্বব্যাংকও অর্থায়ন করবে এবং তা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে কাজে লাগবে।’ ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২৯৭ কোটি মার্কিন ডলার বা প্রায় ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের চুক্তি হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬১ কোটি, জাপানি ঋণদান সংস্থা জাইকা ৪০ কোটি এবং ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করেছে। দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক ঋণকার্যক্রম স্থগিত রেখেছে।