১০ মিনিটে ক্যাটরিনার আয় ১ কোটি!
অর্থের মানদণ্ডে বলিউডের শীর্ষ অভিনেত্রী হওয়ার ইঁদুরদৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন ক্যাটরিনা কাইফ। অবিশ্বাস্য হলেও মাত্র ১০ মিনিট র্যাম্পে হাঁটার জন্য সম্প্রতি তাঁকে এক কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে! বলাই বাহুল্য, লোভনীয় এ প্রস্তাব লুফে নিয়েছেন ‘রেস’খ্যাত ২৭ বছর বয়সী এই বলিউড তারকা।ভারতের কেরালা রাজ্যের কোচিতে অনুষ্ঠিতব্য ফ্যাশন শোটিতে অংশ নেওয়ার জন্য সেখানে যাওয়ার ব্যাপারে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন ক্যাটরিনা। কোচির ফ্যাশন শোটির র্যাম্পে মাত্র ১০ মিনিট হাঁটার বিনিময়ে তিনি পারিশ্রমিক পাবেন এক কোটি ভারতীয় রুপি।এ প্রসঙ্গে এক ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে জিনিউজ জানায়, মঞ্চে পারফর্মেন্সের ক্ষেত্রে দক্ষিণের তারকা আর বলিউডের তারকাদের পারিশ্রমিকের ভেতরে রয়েছে বিশাল ফারাক। বাজারদর বিবেচনা করে দক্ষিণের তারকাদের মধ্যে এখন এগিয়ে রয়েছেন অসিন, তৃষা ও শ্রেয়া সরণ। প্রতিটি মঞ্চ পারফর্মেন্সের জন্য তাঁরা পাচ্ছেন ৩০ লাখ রুপি। অথচ ক্যাটরিনা একাই ঝুলিতে ভরতে যাচ্ছেন এক কোটি রুপি। বলিউডের পুরুষ তারকাদের পারিশ্রমিক তো আরও বেশি। উদাহরণ হিসেবে শাহরুখ খানের নাম উল্লেখ করা যেতে পারে। প্রতিটি মঞ্চ পারফর্মেন্সের জন্য অন্তত দুই কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি।