১০ রমজান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সুপারিশ
আসন্ন রমজানে ঢাকা মহানগরে যানজট কমাতে ১০ রমজান থেকে সব স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার উদ্যোগ নিচ্ছে সরকার। এ ছাড়া ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে মহাসড়ক ও ফেরিঘাটের যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।আজ বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বিষয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সিদ্ধান্তগুলো সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, রমজানে মানুষের দুর্ভোগ যাতে না হয়, সে জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ১০ রমজান থেকে ঢাকা মহানগরের স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখা হবে। এ ছাড়া এখন থেকে সড়ক-মহাসড়কে খোলা জিপ ও ট্রাকে মানুষ বহন করা যাবে না। মহাসড়কে যানজটের কারণ চিহ্নিত করে তা নিরসনের উদ্যোগ নেওয়া হবে। হাইওয়ে পুলিশকে আরও সক্রিয় রাখা হবে।সভা সূত্র জানায়, উত্তরবঙ্গ ও চট্টগ্রাম এবং ঢাকামুখী মহাসড়কের যেসব অংশ যান চলাচলের অনুপযোগী, তা দ্রুত মেরামতের জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে অনুরোধ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফেরিঘাটের যানজট ব্যবস্থাপনায় দুর্বলতা দূর করতেও নৌপরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে। রমজান মাসের নিরাপত্তা: পবিত্র রমজানের শুরু থেকে ঈদের দিন পর্যন্ত বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে সব বিপণিবিতানের সামনে, সড়ক ও মহাসড়কে টহল পুলিশ মোতায়েন হবে। বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি। টহল দলে পুলিশের সঙ্গে র্যাব-আনসার থাকবে। নিরাপত্তা দল মোতায়েন থাকবে শেষরাত পর্যন্ত।ঢাকার প্রবেশমুখে একাধিক তল্লাশি চৌকি বসানো হবে। বাস ও লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশনেও নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে। মলম পার্টি, ছিনতাইকারী ঠেকাতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সভাপতিত্ব করেন। সাংসদ আসাদুজ্জামান খান, সানজিদা খাতুন, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, বাণিজ্যসচিব গোলাম হোসেন, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খোন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, বায়তুল মোকাররম মসজিদের খতিব এবং অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।