১০ রমজান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাসে ঢাকা মহানগরে যানজট কমাতে ১০ রমজান থেকে সব স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার উদ্যোগ নিচ্ছে সরকার। এ ছাড়া ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে মহাসড়ক ও ফেরিঘাটের যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বিষয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সিদ্ধান্তগুলো সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, রমজানে মানুষের দুর্ভোগ যাতে না হয়, সে জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ১০ রমজান থেকে ঢাকা মহানগরের স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখা হবে। এ ছাড়া এখন থেকে সড়ক-মহাসড়কে খোলা জিপ ও ট্রাকে মানুষ বহন করা যাবে না। মহাসড়কে যানজটের কারণ চিহ্নিত করে তা নিরসনের উদ্যোগ নেওয়া হবে। হাইওয়ে পুলিশকে আরও সক্রিয় রাখা হবে। সভাসূত্র জানায়, উত্তরবঙ্গ ও চট্টগ্রাম এবং ঢাকামুখী মহাসড়কের যেসব অংশ যান চলাচলের অনুপযোগী, তা দ্রুত মেরামতের জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে অনুরোধ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফেরিঘাটের যানজট ব্যবস্থাপনায় দুর্বলতা দূর করতেও নৌপরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে। রমজানের নিরাপত্তা: পবিত্র রমজানের শুরু থেকে ঈদের দিন পর্যন্ত বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে সব বিপণিবিতানের সামনে, সড়ক ও মহাসড়কে টহল পুলিশ মোতায়েন করা হবে। বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি। টহল দলে পুলিশের সঙ্গে র‌্যাব-আনসার থাকবে। নিরাপত্তা দল মোতায়েন থাকবে শেষরাত পর্যন্ত। ঢাকার প্রবেশমুখে একাধিক তল্লাশি চৌকি বসানো হবে। বাস ও লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশনেও নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে। মলম পার্টি, ছিনতাইকারী ঠেকাতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। দ্রব্যমূল্য ও ভেজাল খাদ্য: সভায় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হিসেবে চাঁদাবাজিকে চিহ্নিত করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ভেজাল ঠেকাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আলোকসজ্জা বিষয়ে: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিপণিবিতানগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা নিষিদ্ধ থাকবে। বিশেষ প্রয়োজনে আলোকসজ্জা করতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। নামাজ ও ইফতারের সময়ে বিদ্যুৎ-পানির সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে। টিকিটপ্রাপ্তির নিশ্চয়তা: ঈদে ঘরমুখো মানুষের জন্য বাস, ট্রেন ও লঞ্চের টিকিটপ্রাপ্তির বিষয়টি তদারক করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সব বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি করে রমজানে সৃষ্ট সব ধরনের সমস্যা সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সভাপতিত্ব করেন। সাংসদ আসাদুজ্জামান খান, সানজিদা খাতুন, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, বাণিজ্যসচিব গোলাম হোসেন, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, বায়তুল মোকাররম মসজিদের খতিব এবং অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।