১০ লাখ একর সরকারি জমি অবৈধ দখলে রয়েছে: সংসদে ভূমিমন্ত্রী
দেশে বর্তমানে ১০ লাখ ১০ হাজার একর সরকারি জমি অবৈধ দখলে রয়েছে। এর মধ্যে খাস, অর্পিত, পরিত্যক্ত ও সরকারি প্রতিষ্ঠানের জমি রয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে মোহাম্মদ শাহ আলমের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এ তথ্য জানান।বিকেল সোয়া তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে ভূমিমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ছয় লাখ ৫৪ হাজার একর জমি অবৈধ দখলে রয়েছে। ঢাকা বিভাগে এক লাখ ৭৮ হাজার, রাজশাহী বিভাগে ৫২ হাজার, খুলনা বিভাগে ৮৪ হাজার, বরিশাল বিভাগে ৩৯ হাজার ও সিলেট বিভাগে ৫৫ হাজার একর সরকারি জমি অবৈধ দখলে রয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অবৈধ দখলে থাকা এসব জমি উদ্ধারে সরকার কাজ করছে। এরই মধ্যে সরকারি বেহাত হয়ে যাওয়া এসব জমি উদ্ধারে সারা দেশে জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে।