১০ লাখ টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও এলাকার হোটেল সালামারের লকার থেকে চুরি হওয়া প্রায় সাড়ে ১৩ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ অভিযোগে হোটেলটির সেলসম্যান মো. শহিদুর রহমান ওরফে সোহাগ মোল্লাকে (৩০) আটক করেছে তেজগাঁও থানা পুলিশ। আজ সকালে মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে শহিদুরকে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ অক্টোবর রাত ১১টার দিকে শহিদুরের কাছে লকারের চাবি রেখে হোটেলের ম্যানেজার হারুন অর রশিদ খান বাড়ি চলে যান। পরদিন সকালে এসে হারুন লকার ভাঙা দেখতে পান। লকারে থাকা ১৩ লাখ ৬৯ হাজার টাকাও পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে শহিদুর পলাতক ছিলেন। ওই দিনই বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন ম্যানেজার হারুন। চুরি হওয়া টাকা উদ্ধারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটায় রাজধানীর মিরপুর এলাকার ৯৫ মধ্য পীরেরবাগের বোনের বাসা থেকে শহিদুরকে ১০ লাখ ৪০ হাজার টাকাসহ আটক করা হয়। এ ব্যাপারে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, চুরি হওয়া টাকার মধ্যে বাকি তিন লাখ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।