গাজীপুরের আলোচিত মামুন হত্যার তদন্ত প্রতিবেদন
১০ লাখ টাকা নিয়ে ব্যবসায়ীকে খুনিদের হাতে দেয় পুলিশ
বালু ব্যবসায়ী মামুন ভূঁইয়াকে গ্রেপ্তারের পর সন্ত্রাসীদের হাতে তুলে দেয় পুলিশ। সন্ত্রাসীরা পুলিশের সামনেই তাঁকে কুপিয়ে হত্যা করে। এ জন্য পুলিশের একজন উপপরিদর্শক ১০ লাখ টাকা পেয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ২৯ মে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে এর প্রমাণ মিলেছে।জড়িত পুলিশ কর্মকর্তার নাম নিপেন্দ্র কুমার দে। ঘটনার সময় তিনি গাজীপুর পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) ছিলেন। ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।তদন্ত প্রতিবেদনে বলা হয়, মামুনকে গ্রেপ্তারের পর পথ ভুলে অন্য পথে যাওয়া, কথিত উচ্ছৃঙ্খল জনতা মামুনকে ছিনিয়ে নেওয়া এবং তিন মিনিটের মধ্যে কুপিয়ে ফেলে রেখে যাওয়া, এরপর এসআই নিপেন্দ্র কুমারের নির্দেশে মামুনের হাতকড়া খুলে নেওয়া, মামুন হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বাসায় যাওয়া এবং ওই বাসার লোকের সঙ্গে নিপেন্দ্রর থানার দিকে যাওয়া প্রমাণ করে, মামুন হত্যা পূর্বপরিকল্পিত। নিহত মামুনের বড় ভাই নজরুল ভূঁইয়া এ ঘটনায় মামলা করেন। এতে বলা হয়, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় মামুন বর্তমান চেয়ারম্যান শরিফুল ইসলাম ও সাবেক মেম্বার হেকিম ফরাজীর বিপক্ষে কাজ করেন। এ কারণে তাঁরা মামুনের ওপর ক্ষিপ্ত হন এবং হত্যার পরিকল্পনা করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে এসআই নিপেন্দ্র কুমার কয়েকজন পুলিশ নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই মামুনকে গ্রেপ্তার করেন। এরপর তাঁকে একটি অটোরিকশায় তুলে চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে পথে কয়েকজন সন্ত্রাসীর হাতে তুলে দেওয়া হয় মামুনকে। তারা পুলিশের সামনেই মামুনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এর দুই-তিন ঘণ্টা পর কালীগঞ্জ থানার অন্য পুলিশ গিয়ে মামুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে তদন্তে প্রমাণিত হয়।মামুনের বাবা হোসেন আলী গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেরে মারার লাইগা পুলিশ টেহা নিয়া খুনিদের হাতে তুইলা দিছে। আর মামুনকে যারা মারল, তারা এলাকায় থাকলেও পুলিশ ধরে না। হেগো ডরে বড় ছেলেটাও আতঙ্কে থাকে।’‘ব্যবসায়ীকে খুনিদের হাতে তুলে দিল পুলিশ’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয় গত ৩১ মে। পরে ১৭ জুন জাতীয় মানবাধিকার কমিশন স্বরাষ্ট্রসচিবকে এ বিষয়টি তদন্ত করার অনুরোধ জানায়। গত ৩ জুলাই মন্ত্রণালয়ের আইন শাখার উপসচিব শেফিনা বেগমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত কমিটি আটজন সাক্ষীসহ সংশ্লিষ্ট পুলিশ, আনসার ও কনস্টেবল এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করে। ৩১ জুলাই (মঙ্গলবার) স্বরাষ্ট্রসচিবের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।তদন্ত কমিটির প্রধান শেফিনা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, দায়ী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নিলেই চলবে না, তাঁকে ৩০২ ধারায় খুনের মামলায় গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। কমিটির প্রধান বলেন, টাকা ছাড়া কোনোভাবেই পুলিশের এসআই এত বড় ঝুঁকি নিতে পারেন না।সাময়িক বরখাস্ত এসআই নিপেন্দ্র কুমার গতকাল প্রথম আলোকে বলেন, তিনি কারও কাছ থেকে টাকা নেননি। ব্যবসায়ী মামুনকে তাঁর কাছ থেকে ছিনিয়ে নিয়ে সন্ত্রাসীরা হত্যা করেছে বলে দাবি করেন তিনি।তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, মামুনকে সন্ত্রাসী হিসেবে দাবি করা হলেও তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলার পরোয়ানা কালীগঞ্জ থানায় ছিল না। অথচ কালীগঞ্জ থানার ২৯ এপ্রিলের সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনায় দেখা গেছে, এসআই নিপেন্দ্র ও দুজন কনস্টেবল থানা থেকে মামলার তদন্ত ও পরোয়ানা তামিল করতে রওনা হন। অথচ মামুনকে গ্রেপ্তার করার জন্য কোনো পরোয়ানা ছিল না। এ ছাড়া মামুনের বিরুদ্ধে কোনো মামলার তদন্ত কর্মকর্তাও তিনি ছিলেন না। এ ক্ষেত্রে এসআই নিপেন্দ্রর মামুনকে গ্রেপ্তার করতে যাওয়ার আইনগত কোনো কারণ পাওয়া যায় না।দুজন কনস্টেবলের ভাষ্যমতে দেখা গেছে, তাঁরা জানতেন না যে, তাঁরা আসামি ধরতে যাচ্ছেন। তাঁদের জরুরি দায়িত্ব পালন করার জন্য সাদা পোশাকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই দুজন কনস্টেবল পুলিশ সদস্য নন। একজন আনসারের অপরজন এপিবিএনের সদস্য। ফলে তাঁরা পুলিশের আইন সম্পর্কে অবহিত নন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভাষ্য এবং এসআই নিপেন্দ্র কুমারের দায়ের করা মামলা পর্যালোচনা করলে দেখা যায়, কালীগঞ্জ থানার ওসি রাত ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি মৃতদেহ জখম অবস্থায় পান এবং সকালে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।কালীগঞ্জ থানার ওসির ভাষ্যমতে, নিপেন্দ্র কুমার যে আসামি ধরতে যাবেন সে বিষয়ে তিনি কিছুই জানতেন না এবং মামুনকে উচ্ছৃঙ্খল জনতা ছিনিয়ে নিয়ে খুন করেছে, তা প্রথম গাজীপুরের পুলিশ সুপারের মাধ্যমে জানতে পারেন। তিনি তখন নিপেন্দ্রর মুঠোফোন বন্ধ পান। তদন্ত প্রতিবেদনে বলা হয়, পুলিশ হেফাজত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে থানার অন্য ভ্রাম্যমাণ দলের সহায়তা না চাওয়া এবং মামুন খুন হয়েছে এ রকম গুরুত্বপূর্ণ বিষয় ওসিকে মুঠোফোনে না জানানো এসআই নিপেন্দ্র কুমারের শুধু দায়িত্ব অবহেলা নয়, এ ধরনের আচরণ অভিসন্ধিমূলক ছিল। তদন্ত কমিটির সিদ্ধান্ত: কমিটি জানায়, মামুনের স্ত্রী, বাবা ও শ্যালক জবানবন্দিতে দাবি করেছেন, হেকিম ফরাজী ও চেয়্যারম্যান শফিকুল মামুন ভূঁইয়াকে হত্যা করার কথা বাজারে ঘোষণা দেন। এসআই নিপেন্দ্র টাকার বিনিময়ে মামুনকে খুনিদের হাতে তুলে দেন। কালীগঞ্জ থানার ওসির ভাষ্যমতে, হেকিম ফরাজী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে মামুনের খুন হওয়ার নেপথ্য ঘটনায় বলা হয়েছে, মামুনের মৃত্যুর আড়াই মাস আগে মুঠোফোনের টাওয়ার বসানোকে কেন্দ্র করে হেকিম ফরাজী ও তাঁর ভাতিজা জাহাঙ্গীরের সঙ্গে মারামারি হয়। ওই বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে পুলিশকে ব্যবহার করে মামুনকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জেলা পুলিশ সুপার আবদুল বাতেন একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটি এসআই নিপেন্দ্রকে বিভাগীয় সর্বোচ্চ শাস্তি দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছেন। এদিকে এই হত্যা মামলার আসামিদের বেশির ভাগই জামিনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে কোনো অভিযানও নেই।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি তদন্ত প্রতিবেদন এখনো দেখেননি। প্রতিবেদন পেলে তিনি প্রকৃত খুনিদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে অনুরোধ করবেন। {প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা}