১০ লাখ টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা
সাতলা-বাগধা বেড়িবাঁধের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া বাজার থেকে পয়সারহাট অংশের তিনটি এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকার সরকারি গাছ কেটে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাতলা-বাগধা বেড়িবাঁধের তিনটি স্থানে আগৈলঝাড়া উপজেলা বন বিভাগ উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পের অধীনে বনায়ন কর্মসূচী গ্রহণ করে। বাঁধের প্রায় ছয় কিলোমিটার অংশের দুই পাশে লাগানো গাছ তদারক করার জন্য স্থানীয় উপকারভোগীদের নিয়ে একটি বনায়ন কমিটি গঠন করা হয়। উপকারভোগী বেলুহার গ্রামের মো. আলমগীর হোসেন (৪৫), মিশ্রিপাড়া গ্রামের মশিউর রহমানসহ (৩০) কয়েকজন অভিযোগ করেন, আওয়ামী লীগ রত্নপুর ইউনিয়ন কমিটির সহসভাপতি মো. আশরাফ মীর (৪০) ও সদস্য বেলুহার গ্রামের মো. জালাল ভূঁইয়া এবং রত্নপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহাগের (২৮) নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েক দফায় প্রায় ১০ লাখ টাকার গাছ কেটে নিয়েছেন। উপজেলা বন বিভাগের কর্মকর্তা কে বি এম ফেরদৌস জানান, অক্টোবর মাসের শেষ দিকে বাঁধের সেরাল স্কুল-কাজিরহাট সড়কের কাজিরহাটের পশ্চিম পাশের এলাকা, কাজিরহাট নুর মহাম্মদ মেম্বরের বাড়ি-সংলগ্ন এলাকা, মিশ্রিপাড়া থেকে কাজিরহাট অংশের সিদ্দিক কাজীর বাড়ির পাশের এলাকা থেকে রাতের আঁধারে গাছ কেটে নেওয়া হয়। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পের উপকারভোগী ও বনায়ন কমিটির সভাপতি মো. কালাম কাজী বলেন, ‘বনায়ন প্রকল্পের উপকারভোগীরা নিরীহ মানুষ। গাছ কেটে নিতে দেখার পরও প্রভাবশালীদের ভয়ে তারা কেউই মুখ খুলতে সাহস পায় না।’ রত্নপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহাগ বলেন, ‘গাছ কেটে নেওয়া হয়েছে এ কথা সত্য। তবে এর সাথে আমি জড়িত নই। রাজনৈতিক প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’এ ব্যাপারে আওয়ামী লীগ রত্নপুর ইউনিয়ন কমিটির সহসভাপতি মো. আশরাফ মীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্য নেতা-কর্মীরা অভিযোগ অস্বীকার করেন। আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘটনাস্থলে গেলে এলাকার কেউই মুখ খুলতে রাজি হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়নি।’রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনে আরা বেগম বলেন, ‘সরকারি গাছ কেটে নেওয়ার বিষয়টি আমি বন কর্মকর্তাকে অবহিত করেছি। এমনকি উপজেলা উন্নয়ন সমন্বয় পরিষদের সভায় ১০ লাখ টাকা মূল্যের শতাধিক গাছ কেটে নেওয়ার বিষয়টি উত্থাপন করেছি। একজন নারী হিসেবে আমার এর বেশি কিছু করার নাই।’ আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর বিশ্বাস বলেন, ‘গাছ কাটা বন্ধ করতে এ সড়কে উপকারভোগীদের নিয়ে পাহারার ব্যবস্থা এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।’এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. ইউসুফ হোসেন মোল্লা বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করেছি।’