১০ লাখ ৬৭ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ১০ লাখ ৬৭ হাজার ৭৩৮ বাংলাদেশি কর্মীর বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে। সরকারি দলের সাংসদ মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে আজ সোমবার সংসদে মন্ত্রী এ তথ্য জানান।সাংসদ সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান করা হচ্ছে। এ লক্ষ্যে পাঁচটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সম্ভাবনাময় শ্রমবাজার সফর করছে।সাংসদ সানজিদা খানমের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন জানান, সৌদি আরবের শ্রমবাজারে ২০ লক্ষাধিক বৈধ বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। ২০১০ সালে সৌদি আরবে কর্মরতদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ ৩৩১৩ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার।৭৬০০ টন চাল সংগ্রহ: সরকারি দলের সাংসদ মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক জানান, চলতি বছর সরকার ছয় লাখ টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। সংগ্রহের কার্যক্রম ৫ জুন শুরু হয়েছে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। চুক্তিবদ্ধ মিল-মালিকদের চুক্তির সময়সীমা ১৬ জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে। ১১ জুন পর্যন্ত সাত হাজার ৬০০ মেট্রিক টন চাল সংগৃহীত হয়েছে।খাদ্যমন্ত্রী জানান, চলতি বোরো সংগ্রহ মৌসুমে প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ২৯ টাকা নির্ধারণ করে খাদ্যশস্য সংগ্রহের পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার অধীনে শুধু ছয় লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।