১০ সেকেন্ডের রোমাঞ্চ
অ্যাকুয়াটিক সেন্টারের নীল জল দাপিয়ে বিজয় চিহ্ন দেখাবেন ফেল্প্স, লোকিট কিংবা রাইস। আমরা তাকিয়ে দেখব টিভির পর্দায়। হয়তো সরাসরি সাক্ষীও হব ঘটনার। উল্লসিত হব। কিন্তু এটা বলতে পারি না যে রোমাঞ্চে আমাদের গা শিউরে উঠবে।বলতে পারছি না, জিমন্যাস্টিক্সের ফ্লোরে কুসোভিতিনা, কাতালিনার কসরত দেখার জন্য অ্যাড্রেনালিন ঝরবে অবিরাম। ফুটবল মাঠে নেইমার-গানসোদের জাদুও আমাদের তেমন মোহাবিষ্ট করবে না, যেমনটা করবে ১০০ মিটার দৌড়।আজ যে ক্রীড়া মহাযজ্ঞের উদ্বোধন হতে যাচ্ছে লন্ডনে, তাতে ৩০২টি ইভেন্টে লড়বেন প্রতিযোগীরা। এর মধ্যে দুটি ইভেন্ট আর দুটি সোনার লড়াই দেখতেই সবচেয়ে তৃষিত থাকবে আমাদের চোখ। রোমাঞ্চিত হবে শরীরের প্রতিটি কোষ, ক্ষরণ হবে অ্যাড্রেনালিন। ১০০ মিটার দৌড়। পুরুষ-মহিলা দুই বিভাগেরই। কেন, সেই যুক্তিগ্রাহ্য উত্তর আমাদের কাছে নেই। হতে পারে, গতির পাখায় ভর করে নিরন্তর ছুটে চলার যে চিরায়ত আকাঙ্ক্ষা মানুষের, সেটিই এর রসায়ন। এই দুটি ইভেন্টই যে নির্ধারণ করে দেবে ২০৪টি দেশের মধ্যে কে হবেন দ্রুততম মানব, কে দ্রুততম মানবী।সময় লাগবে মাত্র ১০ সেকেন্ড বা তারও কম। এর মধ্যেই দ্রুততম মানব-মানবীর দেখা পেয়ে যাবেন। সুতরাং সাবধান! মনটাকে একটুও এদিক-সেদিক হতে দেবেন না। চোখের পলক ফেললে যদি ইতিহাসের অংশ হতে না পারেন!১০০ মিটার এবং অলিম্পিকের সৌজন্যে ইতিহাস অনেক দাগই রেখে গেছে ক্রীড়াবিশ্বে। গ্রিক পুরাণ অনুযায়ী, পৃথিবীর প্রথম ক্রীড়া প্রতিযোগিতার প্রথম ইভেন্টই ছিল দৌড়। খ্রিষ্টের জন্মের ৭৭৬ বছর আগে অলিম্পিয়া নগরে বাবা জিউসের সম্মানে পুত্র রাজা হেরাক্লেস আয়োজন করেছিলেন অলিম্পিক। হেরাক্লেস নিজেই তাঁর লম্বা পায়ে মেপে দিয়েছিলেন ২০০ স্টাডিওন বা পা। তখন তো আর গজ-ফিতা ছিল না। এখনকার মাপ ধরলে ওটা হতো ১৯০ মিটার। ওটাই ছিল ক্ষুদ্রতম দৌড়, যা নিরূপণ করত দ্রুততম মানব। প্রথম দ্রুততম মানবের নাম কোরোবুস, ছিলেন এলিস নগরের একজন পাচক। এই অলিম্পিকের স্মৃতি থেকেই গ্রিসে (এথেন্স) ১৮৯৬ সালে জন্ম নিল আধুনিক অলিম্পিক। ওখানেও প্রথম ইভেন্টটি থাকল দৌড়, ১০০ মিটার। তাতে জিতে দ্রুততম মানবের মুকুট মাথায় পরলেন যুক্তরাষ্ট্রের টমাস বার্ক। যে সময় তিনি করেছিলেন, তা শুনলে এই বোল্ট যুগ হেসে উঠতে পারে—১২ সেকেন্ড! কালের বিবর্তনে এখন ১০০ মিটারের সময় নেমে এসেছে সাড়ে ৯ সেকেন্ডের ঘরে।হ্যান্ডটাইমিংয়ে মাপা ১২ সেকেন্ডের দৌড়কে এই নীল আলোর বৃত্তে (ব্লু রিব্যান্ড) নিয়ে আসার নায়ক আসলে চারজন: জেন্সি ওয়েন্স, জিম হিনেস, বেন জনসন আর হালের উসাইন বোল্ট। ওয়েন্স ১৯৩৬ বার্লিন অলিম্পিকে ১০০ মিটার জিতে আর্যবাদের প্রবক্তা এডলফ হিটলারকে দেখিয়ে দিয়েছিলেন, সবারই রক্তের রং লাল, নীল আসলে মানুষের অহংকার। ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে প্রথম ব্যবহার করা হলো ইলেকট্রনিক টাইমিং। ওখানেই ৯.৯৫ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে জিম হিনেস দেখালেন মানুষের পক্ষে মোটরগাড়ির মাঝারি গতিতে (ঘণ্টায় ৩৬ কিলোমিটারেরও বেশি) দৌড়ানো সম্ভব। হিনেসই বেঁধে দিলেন ১০ সেকেন্ডের আদর্শ মান। ওই ১০ সেকেন্ডকে ভেঙে আরও টুকরা করার চেষ্টাটা তার পর থেকেই। ১৯৮৮ সিউল অলিম্পিকে কানাডার বেন জনসন অবিশ্বাস্যভাবে সময়টা নামিয়ে আনলেন ৯.৭৯ সেকেন্ডে। কিন্তু ডোপ প্রতারণার কলঙ্কের দাগও মাখিয়ে দিলেন নিষ্কলুষ খেলাটার গায়ে। তার পরও জনসন এক যুগ বদলের নায়ক। ১০০ মিটারকে আরও গতিময় করার ইচ্ছেটা সত্যিকারের চিতার ক্ষিপ্রতায় উঁকি দেয় তো তাঁর পেশিতেই।গতির রাজ্যে এর পরের নামটি উসাইন বোল্ট। ১০০ মিটারের ইতিহাসই নতুন করে লিখিয়েছেন এই জ্যামাইকান তরুণ। ২০০৮ বেইজিং অলিম্পিকে মানুষের কল্পনার অগম্য কাজ করে বসলেন ৯.৬৯ সেকেন্ডে ১০০ মিটার শেষ করে। শেষ ১৫ মিটারে ‘ঔদ্ধত্যভরে’ নাচানাচি যদি না করতেন, তাহলে বিশ্লেষকদের মতে, ওখানেই ৯.৫২ সেকেন্ড টাইমিং হয়ে যায়। আধুনিক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্প্রিন্টার এক বছর পরেই (২০০৯, বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ) তাঁর বিশ্ব রেকর্ড নামিয়ে আনলেন ৯.৫৮ সেকেন্ডে। অর্থাৎ ১০০ মিটার এসে গেল সাড়ে ৯ সেকেন্ডের গতিতে। কে বলতে পারত বেইজিংয়ের ট্র্যাকে ওই বালখিল্য বিনোদনের ভূতে পেয়ে না বসলে ওখানে ৯.৫২ সেকেন্ড করতে পারতেন না, আর এরই ধারায় পরে বার্লিনে পাওয়া যেত না প্রতিশ্রুত ৯.৪?তির ছোড়ার ভঙ্গিতে তিনি উদ্যাপন করেন বিজয়। মানে কাঙ্ক্ষিত লক্ষ্যটাকে তিরের ফলায় গেথে ফেলতে চাওয়া! চার বছর আগে বেইজিংয়ের ‘বার্ডস নেস্টে’ অলিম্পিক ইতিহাসের দ্রুততম দৌড়টি দেওয়ার পর থেকে বোল্ট বারবার এই ভঙ্গি করে বলেছেন, ১০০ মিটার দৌড়াবেন ৯.৪ সেকেন্ডে। দৌড়াবেনই দৌড়াবেন। গত বছর দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেই প্রতিশ্রুতির আলোর মুখ দেখার প্রতীক্ষায় ছিল। কিন্তু দেখল একটা ট্র্যাজেডি। ‘ফলস স্টার্ট’ করে ৬ ফুট ৫ ইঞ্চি দীর্ঘ একটি শরীর বেরিয়ে যাচ্ছে অবিশ্বাসে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে। আর কিংস্টনের রেসার্স ট্র্যাক ক্লাবে তাঁর প্রশিক্ষণ সঙ্গী বয়সে ক’বছরের ছোট, ইয়োহান ব্লেক উদ্ভাসিত অপ্রত্যাশিত গৌরবের আলোয়। এই ব্লেকই এখন তাঁর রাজ্যছাড়া হওয়ার বড় হুমকি, ‘তোমারে বধিবে যে তোমারই ছায়ায় বাড়িছে সে!’ অমূলকও তো নয়। হ্যামস্ট্রিংয়ে পুরোনো চোট বোল্টকে ভোগাচ্ছে। জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে ১০০ ও ২০০ মিটারে হারলেন ব্লেকের কাছে। ডায়মন্ড লিগের মোনাকো মিটটা বাদ দিলেন। এর আগে জার্মানিতে গিয়ে দেখা করলেন বিশ্বখ্যাত অর্থোপেডিক সার্জন হান্স-উইলহেম মুলেস-উলফার্টের সঙ্গে। তাঁর প্রচারযন্ত্র বলতে চাইল, ও কিছু না। সামান্য পরামর্শ নিয়ে এসেছেন। সংশয়ের কারণই নেই।কিন্তু মানুষের মনের মেঘ এতে কাটছে না। অলিম্পিক স্টেডিয়ামে তাঁর হাতে আবারও সোনা না ওঠা পর্যন্ত কাটবেও না। তবে বোল্ট এমন এক চরিত্র, তাঁর কথায় বিশ্বাস না রেখেও পারা যায় না। সুতরাং সর্বকালের সেরা ১০০ মিটার দৌড়টা দেখার জন্য প্রস্তুতি নিন। ১৯৮৮ সিউল অলিম্পিকের ১০০ মিটার পেয়েছিল তিন বিশ্ব রেকর্ডধারী কার্ল লুইস, বেন জনসন ও ক্যালভিন স্মিথকে। ২০১২ লন্ডনের ট্র্যাক পাশাপাশি দেখবে ধরণির পাঁচ দ্রুততম মানব বোল্ট, টাইসন গে, আসাফা পাওয়েল, জাস্টিন গ্যাটলিন ও ব্লেককে। বুকের মধ্যে বেশি করে অক্সিজেন জমিয়ে রাখুন। ৫ আগস্ট, লন্ডনের অলিম্পিক স্টেডিয়াম আপনাকে শ্বাসরুদ্ধ করে রাখবে ১০ সেকেন্ড!