১০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদাখালসংলগ্ন এলাকা থেকে গতকাল সোমবার রাতে নয় হাজার ৮৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় মোহাম্মদ হোসেন (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা বড়ির একটি বড় চালান পাচার হয়ে আসবে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। লেদা বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম এতে নেতৃত্ব দেন। টহল চলাকালে বেড়িবাঁধ এলাকায় কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁদের সংকেত দেন বিজিবির সদস্যরা। কিন্তু তাঁরা সংকেত না মেনে লেদাখালসংলগ্ন এলাকা দিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় মোহাম্মদকে আটক করা হয়, বাকি দুজন পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে পলিথিনে মোড়ানো নয় হাজার ৮৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, কোরবানির ঈদ সামনে রেখে উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা চলছে। সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা সতর্ক অবস্থায় আছেন। চলতি মাসে এ পর্যন্ত এক লাখ ১৯ হাজার ৫৬৩টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে পাঁচজনকে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ প্রথম আলো ডটকমকে জানান, উদ্ধার হওয়া ইয়াবা বড়িগুলোর মূল্য প্রায় সাড়ে ২৯ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।