১০ হাজার গাছ কেটেছে ১৮-দলীয় জোট: পরিবেশমন্ত্রী
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ১৮-দলীয় জোটের কর্মীরা সহিংস তাণ্ডব চালিয়ে রাস্তার ধারের ১০ হাজার ৪২টি গাছ কেটেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের রায় প্রকাশিত হওয়ার পর সারা দেশে এই তাণ্ডব চালানো হয়। খবর বাসসের।মন্ত্রী বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, দিনাজপুর, সাতক্ষীরা, বগুড়া, জয়পুরহাট, যশোর, সিরাজগঞ্জ, চাঁদপুর, নীলফামারী, পাবনা ও ঝিনাইদহ জেলার মোট ৪১টি উপজেলায় বিএনপি-জামায়াত এ তাণ্ডব চালায়।সরকারি দলের সাংসদ মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ আজ সংসদে এ কথা জানান।হাছান মাহমুদ বলেন, হরতালের সময় অবৈধভাবে গাছ কাটার অভিযোগে বন অধিদপ্তরের পক্ষ থেকে শতাধিক ব্যক্তির নামে মামলা করা হয়েছে। সারা দেশে এ ঘটনায় এ পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে।তিনি বলেন, ইতিমধ্যে ৮৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।বন্ধ করা হয়েছে পলিথিনের ৬৪ কারখানাজাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পরিবেশ অধিদপ্তর এ পর্যন্ত অবৈধ পলিথিন শপিং ব্যাগ উত্পাদনকারী ৬৪টি কারখানা বন্ধ করেছে। একই সঙ্গে গত চার বছরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৩৩ দশমিক ৫৮ মেট্রিক টন অবৈধ পলিথিন জব্দ ও এক কোটি ৮৭ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মন্ত্রী বলেন, পণ্যের সরবরাহ ও বিতরণে পলিথিনের ব্যবহার সহজলভ্য ও এর বিকল্প পাটজাতপণ্য সহজলভ্য না হওয়ায়, বাজারে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার দেখা যায়। এতে বিকল্প পাটজাতপণ্য সহজলভ্য করার বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কাজ করছে।মন্ত্রী বলেন, অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে আইনের পাশাপাশি জনসচেতনতাও প্রয়োজন। অবৈধ পলিথিন উত্পাদন ও ব্যবহারের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানান মন্ত্রী।আজ সকাল ১০টা ২৮ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নবম জাতীয় সংসদের ১৮তম (বাজেট) মুলতবি অধিবেশন শুরু হয়েছে।