১০ হাজার টাকার ল্যাপটপ উদ্বোধন
প্রথমবারের মতো দেশে তৈরি আধুনিক প্রযুক্তির ও সাশ্রয়ী ল্যাপটপ ‘দোয়েল’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তৈরি এই ল্যাপটপ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এ সরকারের আমলে দিন বদলের শুভ ধারা শুরু হয়েছে। এটা অব্যাহত রাখতে হবে। পরে দুজন মুক্তিযোদ্ধার সন্তান ও দুজন অটিস্টিক শিশুর হাতে ল্যাপটপ তুলে দেন তিনি।তুলনামূলক কম দামের নেটবুক ধরনের এই ল্যাপটপের চারটি মডেল তৈরি করেছে টেশিস। তবে মঙ্গলবার উদ্বোধন হলেও শুরুতেই সাধারণের নাগালে আসছে না দোয়েল। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, স্বল্পমূল্যের এ ল্যাপটপ/নেটবুক প্রথমে শুধু সরকারি সংস্থাগুলোকে সরবরাহ করা হবে। আরও মাস ছয়েক পর জনগণের জন্য দোয়েল বাজারজাত করা হবে।প্রধানমন্ত্রী বলেন, গত তিন বছরে সরকার তার নির্বাচনী অঙ্গীকার পূরণে নানা কার্যক্রম হাতে নিয়েছে, বহু ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে। ল্যাপটপ উৎপাদনের এ কার্যক্রম দেশে আর্থসামাজিক উন্নয়নের চলমান ধারাকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকার নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে টেশিস ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল জানান, দেড় শতাধিক কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়েছে দোয়েল নেটবুক। এর মধ্যে দোয়েল প্রাইমারি নেটবুকের দাম আট থেকে ১২ হাজার টাকা, দোয়েল বেসিক নেটবুকের দাম ১৪ থেকে ১৬ হাজার টাকা, দোয়েল স্ট্যান্ডার্ড নেটবুকের দাম ১৬ থেকে ২২ হাজার ও দোয়েল অ্যাডভান্স নেটবুকের দাম ২২ থেকে ২৮ হাজার টাকা। নেটবুকের ফিচারভেদে দামের পার্থক্য রয়েছে বলে জানান তিনি। তিনি জানান, প্রাইমারি নেটবুকে ভিআইএ প্রসেসর ও অ্যানরয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। দোয়েল বেসিক নেটবুক ও দোয়েল স্ট্যান্ডার্ড নেটবুকে প্রসেসর ইন্টেল এটম এবং দোয়েল অ্যাডভান্স নেটবুকের প্রসেসর ইন্টেল পেন্টিয়াম। প্রাইমারি ছাড়া বাকি তিনটি নেটবুক চলবে লিনাক্স অপারেটিং সিস্টেমে।মো. ইসমাইল জানান, প্রাইমারি, বেসিক ও স্ট্যান্ডার্ড নেটবুকে এক বছর এবং অ্যাডভান্সড নেটবুকের জন্য ছয় মাসের বিক্রয়োত্তর সেবা দেবে টেশিস।প্রসঙ্গত, ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২০০৯ সালের জুনে নিজস্ব ব্যবস্থাপনায় ল্যাপটপ উৎপাদনের ঘোষণা দেয়। পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি দেশি ও একটি বিদেশি কোম্পানিকে নিয়ে টেশিস কার্যক্রম শুরু করে। এ জন্য প্রাথমিকভাবে ১৪৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শ ও সাহায্যে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘থিম ফিল্ম ট্রান্সমিশন’ (টিএফটি) এবং কয়েকজন বিদেশি বিশেষজ্ঞের সাহায্যে প্রকল্পের কাজ শুরু হয়। পরে টেশিসের গাজীপুর কারখানায় গত ১০ জুলাই থেকে শুরু হয় ‘দোয়েল’-এর পরীক্ষামূলক উৎপাদন।জানা গেছে, ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ দেশেই তৈরি হয়েছে। আর চীন, তাইওয়ান, কোরিয়াসহ ১০টি দেশ থেকে অন্যান্য যন্ত্রাংশ আমদানি করা হয়েছে।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ল্যাপটপটির নামকরণ করা হয়েছে জাতীয় পাখি দোয়েলের নামে। ঐতিহাসিক চার ঘটনা—ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ‘দোয়েল প্রাইমারি মডেল-২১০২’, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্মরণে ‘দোয়েল বেসিক মডেল-০৭০৩’, স্বাধীনতা দিবস স্মরণে ‘দোয়েল স্ট্যান্ডার্ড মডেল-২৬০৩’ এবং বিজয় দিবস স্মরণে ‘অ্যাডভান্স মডেল-১৬১২’ তৈরি করা হয়েছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মন্ত্রণালয়ে সুনীল কান্তি বোস, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ।