১০ হাজার মানুষ শিক্ষা ও স্বাস্থ্যসেবা বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ এপ্রিল রাজশাহীতে তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। প্রখর রোদের মধ্যে বালুচর পার হয়ে মৃত একটি শিশুকে তোয়ালে দিয়ে জড়িয়ে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। পাশে পাশে চলা শিশুটির খালা টুলটুলি বেগমের কাছে কী হয়েছে জানতে চাইলে শোক আর ক্ষোভ মিশিয়ে তিনি বলেন, ‘চরে তো আর মেডিকল নাই যে অসুখ-বিসুখে মানুষের চিকিশ্যে হোবে। মেডিকলে যাইতি যাইতিই সব শ্যাষ। তিন দিন থাইক্যা ছেলাডা কিছু খাছ্যা না। চিকিশ্যে দেওয়ারও উপায় ছেল না। আজ মেডিকলে লিয়া গেনু, ডাক্তার বুইলছে ছেল্যা মইরা গেলছে।’ এ হতভাগ্য মানুষগুলোর বাড়ি রাজশাহীর পবা উপজেলার চর মাঝারদিয়াড় গ্রামে।পবা উপজেলার হরিপুর ইউনিয়নের একটি বিচ্ছিন্ন গ্রামের নাম চর মাঝারদিয়াড়। এ গ্রামে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। তিন দিক থেকে ভারতীয় সীমান্তঘেরা এ গ্রামের এক দিকে শুধু বাংলাদেশ। পদ্মা নদী দ্বারা গ্রামটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। গ্রামের গৃহবধূ রহিমা বেগম (৩৮) বলেন, ‘চিকিশ্যে বুইলে এখানে কিছু নাই। বাচ্চারা নিউমোনিয়া, ডাইরয়ায় অহরহ মইর্যা যাইছে। আর ডেলিভারি রোগী রাজশাহীতে নিয়ে যাওয়ার সুমাত গরুর গাড়ির ভিতরেই মইর্যা যায়। কখনো নৌকার ভিতরেই মইর্যা যায়। কিচ্ছুই করার থাকে না। তিনি বলেন, কিছুদিন আগে সাদেকের বউ এরম কইর্যাই ডেলিভারির সুমাত চিকিশ্যে না পেয়্যা মইর্যা গেলছে।’ উপজেলার হরিপুর ইউনিয়নের চরনবীনগর গ্রামটি আর বাংলাদেশের মানচিত্রে নেই। তবে গ্রামের স্মৃতি এখনো বহন করছে চরনবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বর্তমানে বিদ্যালয়টিতে ৫৩০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ে গিয়ে পাওয়া একমাত্র শিক্ষক গোলাম মোস্তফা বলেন, এখানে যোগদানের পরপরই দুজন প্রশিক্ষণে গেছেন। আর তাঁরা যে দুজন আছেন, তাঁদেরও প্রশিক্ষণে যাওয়ার কথা। এর মধ্যে অলক কুমার পাল নামের একজন অুসস্থ থাকায় আসতে পারেননি।শিক্ষক গোলাম মোস্তফা বলেন, প্রধান শিক্ষককে অফিসের কাজে বাইরেই বেশি থাকতে হয়।বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি শহীদ আলী বলেন, ‘শিক্ষকেরা বিদ্যালয়ে আসতে আসতেই দুপুর হয়ে যায়। প্রধান শিক্ষক হাসি ভট্টাচার্য কোনো দিন দুপুরে আসেন, কোনো দিন আসেন না।’ প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ে পৌনে ২০০ ছাত্রছাত্রী রয়েছে। প্রধান শিক্ষক মো. গাওসুল আনাম ও সহকারী শিক্ষক নুরুল ইসলাম জানান, তাঁদের একজনের বাড়ি গোদাগাড়ীর প্রেমতলী, আরেকজনের নওগাঁ জেলায়। তাঁরা কোনো রকমে বিদ্যালয়টি ধরে রেখেছেন। তিনি জানান, তাঁরা দুজন চলে গেলে এ গ্রামের ছেলেমেয়েদের মাধ্যমিক শিক্ষা বন্ধ হয়ে যাবে। হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান গ্রামটির সমস্যার কথা স্বীকার করে বলেন, ১৯৯১ সালে তৎকালীন ভূমি প্রতিমন্ত্রী কবীর হোসেন সেখানে একটি কমিউনিটি ক্লিনিক করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরে তা আর বাস্তবায়িত হয়নি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদির বলেন, সাধারণত যখন নতুন নিয়োগ হয়, তখন উপজেলা শিক্ষা কর্মকর্তারা ওখানকার শিক্ষকদের ওপরে নিয়ে এসে ওইখানে নতুনদের দেন। আবার তাঁদেরও প্রশিক্ষণের প্রয়োজন হয়। ফলে তাঁদের প্রশিক্ষণে পাঠানো হয়। এটাই বাস্তবতা। তবে এখন যাঁরা ওখানে আছেন, তাঁদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন।স্বাস্থ্যসেবার বিষয়ে কথা বলার জন্য সিভিল সার্জন জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।