১০০ টাকার কমে মাছের কেজি নেই
বাজারে ১০০ টাকার নিচে কোনো মাছ নেই। এই দামের চেয়ে কমে কিছু মাছ পাইকারি বাজারে পাওয়া গেলেও সেখান থেকে বেশি পরিমাণে কিনতে হয়। তাই গরিব মানুষ পাইকারি বাজারে যায় না। আর খুচরা বাজার থেকেও সব সময় বেশি দামে মাছ কিনতে পারে না।রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি ও খুচরা বাজার এবং হাতিরপুল ও নিউমার্কেটের খুচরা বাজার ঘুরে গতকাল বৃহস্পতিবার এ চিত্র দেখা গেছে। গতকাল খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ১০০ টাকা বা তার কম এমন মাছ বাজারে নেই।পাইকারি বাজারে যে দামে মাছ বিক্রি হয়, তার চেয়ে অনেক বেশি দামে এই মাছ ক্রেতাদের কাছে বিক্রি করেন খুচরা ব্যবসায়ীরা। এই প্রতিবেদক গতকাল ভোরে কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বাজার এবং হাতিরপুল ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে মাছের পাইকারি ও খুচরা মূল্য সম্পর্কে খোঁজ নেন।বাজারে সবচেয়ে কম দামে পাওয়া যায় পাঙাশ। পাইকারি বাজারে কেজিপ্রতি পাঙাশ বিক্রি হয়েছে ৮০ টাকায়। খুচরা বিক্রেতাদের প্রতি কেজি কারওয়ান বাজারে তা ৯০ থেকে ১০০, হাতিরপুলে ১০০ ও নিউমার্কেটে ১২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।পাইকারি দরে কেজিপ্রতি তেলাপিয়া বিক্রি হচ্ছে ৮০ টাকায়। খুচরা বাজারে এর দাম ১২০ থেকে ১৪০ টাকা। পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচকি মাছ বিক্রি হয়েছে ২০০ টাকায়। খুচরা বাজারে তা বিক্রি হয় ‘ভাগা’ হিসেবে। বাজারভেদে প্রতি ভাগার দাম ১৫ থেকে ২০ টাকা। এক কেজিতে ২৫ থেকে ৩০টি ভাগা তৈরি করেন দোকানিরা। পুঁটি কারওয়ান বাজারে ১০০ থেকে ১২০, হাতিরপুলে ১৫০ ও নিউমার্কেটে ১৫০ টাকায় প্রতি কেজি বিক্রি হতে দেখা গেছে।পাইকারি বাজার থেকে এক কেজি টাকি ১০০ টাকায় কিনে খুচরা ব্যবসায়ীরা তা বিক্রি করছেন ১২০ থেকে ২০০ টাকায়। সকাল সাড়ে ১০টায় আজিমপুর থেকে নিউমার্কেটে বাজার করতে এসেছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আলী হোসেন। এক ব্যাগ তরি-তরকারি কিনলেও মাছ না কিনেই দুপুর ১২টার দিকে বাজার থেকে চলে যাচ্ছিলেন। মাছের বিষয়ে জিজ্ঞেস করতেই আক্ষেপ করে বললেন, ‘মাছ দিয়ে ভাত না খেলে কি পেট ভরে না?’