১০০ টাকার জন্য স্ত্রীকে হত্যা!
মাত্র এক’শ টাকার জন্য স্ত্রী নাহার আক্তারকে (২৭) শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী আইয়ুব আলী। এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী তাদের একমাত্র মেয়ে আরিফা এখন প্রায় নির্বাক। গতকাল সোমবার বিকেলে ঘাটাইল উপজেলার মনতলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ আজ মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা টাঙ্গাইলে পাঠায়।নাহারের বাবা শামসুল হক এ ঘটনায় বাদী হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা করেছেন। পরিবার সূত্র ও পুলিশ জানায়, গতকাল সকালে আইয়ুব আলী তাঁর শাশুড়ির কাছ থেকে ধার হিসেবে এক’শ টাকা এনে দেওয়ার জন্য স্ত্রী নাহারকে বলেন। কিন্তু নাহার তাঁর মায়ের কাছে টাকা আনতে ব্যর্থ হওয়ায় স্বামী-স্ত্রীতে ঝগড়া বাধে। একপর্যায়ে আইয়ুব নাহারকে গলা টিপে ধরে। এ সময় মেয়ে আরিফা মাকে বাঁচাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। দীর্ঘ সময় গলা চেপে ধরে থাকায় কিছুক্ষণের মধ্যে নাহারের মৃত্যু ঘটে। পরে নাহারের গলায় শাড়ি পেঁচিয়ে আইয়ুব হত্যার ঘটনাকে ফাঁসি হিসাবে চালানোর চেষ্টা করে। এ সময় আরিফার চিত্কারে নাহারের বাবা শামসুলসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে আইয়ুব দৌড়ে পালিয়ে যায়। হত্যা সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হুদা জানান, প্রাথমিক তদন্তে নাহারকে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। আইয়ুবকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।