চলচ্চিত্র জীবন ও সমাজের প্রতিচ্ছবি। সেলুলয়েডের ফ্রেম-বন্দী চিত্রায়িত জীবন সব সময় মানুষকে আকর্ষণ করেছে। উপমহাদেশের মানুষের কাছে চলচ্চিত্রের আবেদন সারা বিশ্বের অন্যান্য অংশের তুলনায় কম তো নয়ই বরং বেশিই বলা চলে। এ বছরের ২১ এপ্রিল শতবর্ষে পা রাখছে উপমহাদেশের চলচ্চিত্র। ১৯১৩ সালের ২১ এপ্রিলে সেই সময়কার বোম্বের ধনী-গরিব নির্বিশেষে সবাই এসে জড়ো হয়েছিলেন শহরটির অলিম্পিয়া থিয়েটারে। উদ্দেশ্য—ভিন্নমাত্রিক ও ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হওয়া। সেদিন উপমহাদেশের প্রথম ব্যক্তি হিসেবে দাদা সাহেব ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকে (যিনি দাদা সাহেব নামে সুপরিচিত) ১৯১৩ সালের ২১ এপ্রিল প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে ‘রাজা হরিশচন্দ্র’ ছবিটি অলিম্পিয়ায় উপস্থিত সব দর্শকদের সামনে প্রদর্শন করেছিলেন।১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর প্যারিসের হোটেল ডি ক্যাফেতে অগাস্ট ল্যুমিয়ের (১৮৬২—১৯৫৪) ও লুই ল্যুমিয়ের (১৮৬৪—১৯৪৮) নামের দুই ভাইয়ের হাত ধরে চলচ্চিত্রের পথ চলার শুরু। এর মাত্র ১৭ বছরের মধ্যেই ভারতীয় উপমহাদেশে চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। তখন এর নাম ছিল বায়স্কোপ। পরবর্তীকালে এর নাম পাল্টে যায় বিভিন্ন ভাষাভাষী মানুষের মুখে। বাংলায় চল হয় ‘ছবি’ শব্দটির। ভারতীয় উপমহাদেশে চলচ্চিত্রের প্রথম প্রদর্শনীটি হয়েছিল ১৮৯৬ সালের ৭ জুলাই। ল্যুমিয়ের ভাইদের একজন এসে তত্কালীন বোম্বে শহরের ওয়াটসন হোটেলে উপমহাদেশে বায়স্কোপের প্রথম প্রদর্শনীটি দেখিয়েছিলেন। সে বছরের ডিসেম্বর মাসে কলকাতায় বায়স্কোপের প্রদর্শনী হয়েছিল। আর ১৯১৩ সালের ২১ এপ্রিল ভারতের অলিম্পিয়া থিয়েটারে সমবেত হয়েছিলেন ভারতের নামীদামি অনেক ব্যক্তি। তাঁরা এরই মধ্যে বায়স্কোপ শব্দটির সঙ্গে পরিচিত ছিলেন। ফলে অপেক্ষা করছিলেন কোনো বিশেষ একটি বায়স্কোপ প্রদর্শনী জন্য। একটি বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চেয়েছিলেন তাঁরা। বিশেষ ওই সময়টুকু পার করার পর হাততালি আর প্রশংসায় ভরে গিয়েছিল পুরো থিয়েটার। কারণ, সেদিন তাঁরা প্রথমবারের মতো ভারতীয় চলচ্চিত্র উপভোগ করেছিলেন। দাদা সাহেব ফালকে যেদিন নির্বাক ‘রাজা হরিশচন্দ্র’কে উপস্থাপন করেছিলেন। সেদিনই এ উপমহাদেশের চলচ্চিত্রের ইতিহাসের পথ চলার শুরু হয়েছিল। দাদা সাহেব ফালকের হাতে নির্মিত রাজা হরিশচন্দ্রের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের গোড়াপত্তন ও পথ চলার শুরু।দাদা সাহেবের আঁকা এই পথ ধরেই ধীরে ধীরে এগিয়ে গেছে উপমহাদেশের চলচ্চিত্র। সময়ের গণ্ডি পেরিয়ে এ বছর পদার্পণ করছে শতবর্ষে। অবশ্য দাদা সাহেব ফালকে ছাড়াও প্রথম চলচ্চিত্র নির্মাণের চেষ্টা উপমহাদেশের আরও অনেকেই করেছিলেন। ১৯১২ সালে ব্রিটিশ এক চলচ্চিত্র নির্মাতা ‘পান্ডলিক’ নামে ফিচার ফিল্ম তৈরি করেছিলেন। কিন্তু ভারতীয় হিসেবে দাদা সাহেব ফালকের ভাষায়, প্রথম স্বদেশি চলচ্চিত্রটিই ছিল ‘রাজা হরিশচন্দ্র’। উপমহাদেশের চলচ্চিত্রের মধ্যে বাংলার চলচ্চিত্রের ইতিহাসও অনেক সমৃদ্ধ। কলকাতার ‘দ্য রয়েল বায়স্কোপ’কেই বাংলা চলচ্চিত্রের সূতিকাগার মনে করা হয়। ১৮৯৮ সালে হীরালাল সেন প্রতিষ্ঠিত দ্য রয়েল বায়স্কোপ কোম্পানি নির্বাক চলচ্চিত্র উপভোগের সুযোগ করে দেয়। ১৯১৬ সালের ৮ নভেম্বর কলকাতায় ম্যাডান থিয়েটার্স কোম্পানির পক্ষ থেকে জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রথম বাংলা নির্বাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিল্বমঙ্গল’ মুক্তি পায়। ১৯২৯ সালে বাংলাদেশে প্রদর্শিত প্রথম চলচ্চিত্রটির নাম ছিল ‘সুকুমারী’। এর পরিচালক ছিলেন জগন্নাথ কলেজের (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) তত্কালীন ক্রীড়া শিক্ষক অম্বুজ প্রসন্ন গুপ্ত। চলচ্চিত্রের নায়ক-নায়িকা ছিলেন খাজা নসরুল্লাহ ও সৈয়দ আবদুস সোবহান। ১৯৫৬ সালের ৩ আগস্ট আবদুল জব্বার খান পরিচালিত বাংলাদেশের (তত্কালীন পূর্ব পাকিস্তান) প্রথম সবাক বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ মুক্তি পায়। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তত্কালীন শিল্পমন্ত্রী শেখ মুজিবুর রহমান উত্থাপিত বিলের মাধ্যমে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (ইপিএফডিসি) প্রতিষ্ঠিত হয়। এরপর বাংলা চলচ্চিত্র এগিয়ে যেতে শুরু করে। চলচ্চিত্র ঐতিহাসিক ফিরোজ রেঙ্গুনওয়ালা তাঁর ‘এ পিক্টোরিয়াল হিস্টরি অব ইন্ডিয়ান সিনেমা’ নামের বইতে লিখেছেন, ‘সে সময়ের চলচ্চিত্রের ভাষার ব্যবহারে ছিল দেশপ্রেম বা দেশভক্তির বিষয়টি।’ বিদেশি কারিগরি ব্যবস্থা ও চলচ্চিত্রের বিভিন্ন কলাকুশলীকে চলচ্চিত্রে অভিনয় করানো হলেও স্বদেশি চলচ্চিত্র বলার অন্যতম কারণ ছিল, প্রায় দেড় শ বছরের বিদেশি শাসনের এ সময়টাকে বিশ্বায়নের বিষয়টি তখনো অনুধাবন করতে শুরু করেনি উপমহাদেশের মানুষ। কারণ, এ সময়টাকে সবে চলচ্চিত্রের বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল। চলচ্চিত্র বোদ্ধারা বলেন, উপমহাদেশের চলচ্চিত্র শুরু থেকেই মানুষের কল্পনায় স্থান করে নিতে পেরেছিল এবং মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। অর্থাত্ এ সময় উপমহাদেশের মানুষ চলচ্চিত্রের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পেরেছিল। তাঁদের মতে, সমাজের অনেক বিষয় চলচ্চিত্রে উঠে আসে—তাই সমাজে ও রাজনৈতিক প্রেক্ষাপটেও এর ভূমিকা অনেক। প্রেক্ষাগৃহে স্টল, ব্যালকনি বা সাধারণ শ্রেণী হিসেবে শ্রেণীবৈষম্য রয়েছে। তার পরও অন্ধকার পরিবেশে সবাই এ বৈষম্য ভুলে চলচ্চিত্র উপভোগ করে।চলচ্চিত্রের রুপালি পর্দায় শুরু থেকে ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রকারেরা এখানকার মানুষের আবেগটাকে ধরতে পেরেছিলেন। দেড় শ বছরের বিদেশি শাসনের বিরুদ্ধে অন্যতম প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল চলচ্চিত্র। স্বাধীনতার সময়ে উপমহাদেশের জন্য বড় মাধ্যম ছিল চলচ্চিত্র। আর এ জন্যই তৈরি হয় প্রথম সেন্সর বোর্ড। চলচ্চিত্রে কোনো অশ্লীলতার জন্য নয় বরং উপমহাদেশে প্রথম সেন্সর করা হয়েছিল ‘রাজনৈতিক’ বিষয় সেন্সর করতে। ১৯২১ সালের ‘ভক্ত বিধুর’ চলচ্চিত্রটি রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে প্রথমবারের মতো সেন্সর করা হয় বলে আশিস রাজধাক্ষ ও পল উইলমেন এনসাইক্লোপিডিয়া অব ইন্ডিয়ান সিনেমায় উল্লেখ করেছেন। এ উপমহাদেশে চলচ্চিত্রের সঙ্গে গানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। গানও অনেক সময় আন্দোলনে বড় ভূমিকা রেখেছে। অশোক কুমারের বিখ্যাত ছবি ‘কিসমত’-এর (১৯৪৩) বিখ্যাত গান ‘হে দুনিয়াওয়ালো হিন্দুস্তান হামারা হ্যায়’ ব্রিটিশ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ছিল অন্যতম প্রতিবাদের ভাষা। রেডিওতে চলচ্চিত্রের গান শোনার চলও শুরু সেই ষাটের দশকেই। চলচ্চিত্রের গানগুলো মানুষের কাছে তাদের জীবনের অংশ হয়ে যায়।উপমহাদেশের চলচ্চিত্রের আরেকটি দিক ব্যবসা। অনেকেই চলচ্চিত্রকে তাদের ব্যবসা হিসেবে নিয়েছেন এবং ব্যবসাসফল ছবি নির্মাণের জন্য কাজ করেছেন। চলচ্চিত্র নির্মাতা ভি শান্তারাম, মেহবুব খান, বিমল রায় ও কে এ আব্বাস সামাজিক বাস্তবতার সঙ্গে বিনোদন জুড়ে দিয়ে ব্যবসাসফল ছবি তৈরিতে কাজ করেছেন। তাঁরা কেবল সমাজের দর্পণ হিসেবেই চলচ্চিত্রকে দেখেননি, বরং চলচ্চিত্রে বিভিন্ন বিষয়ে পরিবর্তন এনেছেন। বৈষম্য, অসমতার মতো বিভিন্ন বিষয় জুড়ে মানুষের আবেগ উসকে দিয়েছেন এবং ব্যবসাসফল ছবি নির্মাণ করেছেন। তবে ভিন্নধারার চলচ্চিত্রও এ সময় মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে।পশ্চিমা সংস্কৃতির কাছে উপমহাদেশের চলচ্চিত্র হেরে বসেনি। উপমহাদেশের গর্ব করার মতো চলচ্চিত্রও তৈরি হয়েছে। আর এ গর্ব এনেছেন সত্যজিত্ রায়। তাঁর ‘পথের পাঁচালি’ ১৯৫৬ সালে কান চলচ্চিত্র উত্সবে সেরা ‘হিউম্যান ডকুমেন্ট প্রাইজ’ জিতে নেয়। পরের বছরই পরিচালক অমিত ও শম্ভু মিত্রের ‘জাগতে রহো’ কারলভি ভ্যারি ফিল্ম ফেস্টিভালে প্রথম পুরস্কার জিতে নেয়।চলচ্চিত্র বোদ্ধারা বলেন, ভারতের স্বাধীনতার মাত্র এক দশকের মধ্যেই চলচ্চিত্রের এগিয়ে যাওয়াটা ছিল চোখে পড়ার মত। প্রত্যেক ভাষাভাষীর ক্ষেত্রেই চলচ্চিত্র একটি গর্বের বিষয়, জাতিসত্তার ইতিবাচক অস্তিত্বের ধারক। ভারতীয় চলচ্চিত্র ষাটের দশক থেকেই বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে পৌঁছাতে শুরু করে এবং বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে চলচ্চিত্র নির্মাণ করতে শুরু করেন সংশ্লিষ্টরা। ভোজপুরি, উত্তর ও দক্ষিণের বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। উপমহাদেশের চলচ্চিত্র এখন সারা বিশ্বে সাড়া ফেলেছে। শতবর্ষের এ পথ চলায় রাজস্ব, ব্যবসা থেকে শুরু করে একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে চলচ্চিত্র মাধ্যম। বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করে ভারত। ১৯৫০ সালে তাঁর বিদেশ নির্ভর থাকলেও বর্তমানে মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে তাঁরা চলচ্চিত্রের রাজত্ব করছে। ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রটি ভারতের বাইরে ১০০ কোটি ডলার আয় করেছে। ‘মাই নেম ইজ খান’ ছবিটি দক্ষিণ কোরিয়ায় ২৬ কোটি ডলার আয় করেছে। সময়ের সঙ্গে জনপ্রিয় মূলধারার ছবিগুলোর বিষয় ও ধরনে পরিবর্তন এসেছে। ছবি এখন অনেক ছোট হচ্ছে, জুটি হচ্ছে অনেক কম এবং গানের বিষয়বস্তুতেও পরিবর্তন এসেছে। এখন অর্থের বিনিময়ে বিনোদন কেনার একটা প্রচলনও তৈরি হয়েছে। শতবর্ষের এ চলচ্চিত্রের ইতিহাসে আমরা রাজকুমার, অমিতাভ বচ্চন, উত্তম কুমারের মতো তারকাদের অভিনয় দেখেছি। মানুষের নিজস্ব পছন্দ ও ঢঙের চলচ্চিত্র তাদের মুগ্ধ করেছে আবার বিষ কাঁটার মতো বিঁধেছে, যন্ত্রণা দিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনে ভূমিকা রেখেছে, মানুষের সংস্কৃতিকে জাগিয়ে রেখেছে এবং মানুষের আকর্ষণ এখনো ধরে রেখেছে। উপমহাদেশের সংস্কৃতির প্রতিফলন হিসেবে আমাদের বাংলা চলচ্চিত্রের ভূমিকাও স্মরণীয়।