১০০ ভরি স্বর্ণ পাচারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ১০০ ভরি স্বর্ণ ভারতে পাচারের চেষ্টার অভিযোগে রানা মুন্সি (৩২) নামের এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে তাঁকে থানায় সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে বিজিবির হিলি সিপি ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করেন।জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে জানান, বাংলাদেশ থেকে হিলি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপি ক্যাম্পের হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে সীমান্তবর্তী সিপি রোডের টেম্পো মোড়ে অবস্থান নেন বিজিবির সদস্যরা। একপর্যায়ে হিলি সীমান্ত থেকে রানাকে আটক করেন তাঁরা। পরে তাঁর শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে প্যাকেটে মোড়ানো তিনটি সোনার খণ্ড উদ্ধার করা হয়।হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ১০০ ভরি স্বর্ণ হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এর মূল্য প্রায় ৬০ লাখ টাকা।বিজিবির অন্য এক অভিযানে গতকাল ভোরে সীমান্তের বিভিন্ন স্থান থেকে এক কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় বড়ি উদ্ধার করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, বিজিবি বাদী হয়ে এ ব্যাপারে আজ শনিবার থানায় একটি মামলা করেছে। রানাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।