১০০ মিটারের জন্য দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার বরাতি-কাশিয়াবাড়ী রাস্তার খিয়ারডাঙ্গার কাছে মাত্র ১০০ মিটার রাস্তা ভাঙা থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় দুই বছর ধরে এ দুর্ভোগের কারণে কৃষকেরা তাঁদের উত্পাদিত ফসল সহজে বাজারজাত করতে পারছেন না।উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে এই রাস্তা। রাস্তাটি দিয়ে উপজেলার ইকরচালী ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের বেশির ভাগ গ্রামের মানুষ চলাচল করে থাকে। কিন্তু দুই বছর আগে বন্যায় খিয়ারডাঙ্গা গ্রামের কাছের রাস্তাটির ১০০ মিটরের মতো ভেঙে গেছে। দুই বছরেও রাস্তার ভাঙা অংশে মাটি ভরাট না করায় দুই ইউনিয়নের ১২টি গ্রামের ২০ হাজার মানুষ যাতায়াতের ক্ষেত্রে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, রাস্তাটির ভাঙা অংশ পুনর্নির্মাণ না করায় রিকশা-ভ্যান, মোটরসাইকেল অতিরিক্ত চার কিলোমিটারের বেশি পথ ঘুরে যাতায়াত করছে।রাস্তার পাশে বসবাসকারী খিয়ারডাঙ্গা গ্রামের আনোয়ারুল হক জানান, উপজেলা সদরের সঙ্গে ইকরচালী ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর, উজিয়াল, ডাঙ্গাপাড়া, কাশিয়াবাড়ী, হাতীবান্ধা, বরাতি, কামারপাড়া, কুমারপাড়া, খিয়ারডাঙ্গা, মধ্যপাড়া, শাহপাড়াসহ ১২টি গ্রামের মানুষ স্বল্প সময়ে চলাচল করে থাকে। কিন্তু বন্যায় রাস্তাটি ভেঙে যাওয়ায় তারা দুর্ভোগে পড়েছে।হাতীবান্ধা গ্রামের স্কুলশিক্ষক মঈনুল হক জানান, নদীভাঙনের হাত থেকে রাস্তাটি রক্ষা করা না গেলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে। সরকারের উচিত এ মুহূর্তে রাস্তাটি রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।মেনানগর গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘রাস্তা ভালো না করায় হামরা ধান-পাট, সবজি শহরত নিয়া বিক্রি করিবার পারছি না। কম দামোত বেচাবার নাগছে।’উজিয়াল গ্রামের ময়েন উদ্দিন বলেন, ‘আবাদ করি লাভ কী। শহরত নিয়া যাওয়া যায় না। রাস্তা ভাঙ্গার জন্য এদি রিকশা-ভ্যান কিছুই চলে না। হামার খুব কষ্ট রে বাবা।’বরাতি গ্রামের মোকলেছ উদ্দিন বলেন, ‘রাস্তা কোনাত মাটি দিবার জন্য চেয়ারম্যানের বাড়ি চার দিন গেছি। উপজেলা চেয়ারম্যানকো অনুরোধ করছি। কিন্তুক হামার কথা কায়ও শোনে না।’হাতীবান্ধা গ্রামের ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, রাস্তার ভাঙা অংশে মাটি ভরাটের জন্য ইউনিয়ন পরিষদে আলোচনা হয়েছে। চলতি বছরই টিআর-কাবিখা প্রকল্পের অধীনে মাটি ভরাট করে দেওয়া হবে।হাড়িয়ারকুঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী জানান, রাস্তাটির সমস্যা তিনি উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় তুলে ধরেছেন। কাবিখার বরাদ্দ পেলে ভাঙা অংশে মাটি ভরাটের কাজ করা হবে।উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী দুলাল জানান, এলাকার মানুষের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে শিগগিরই এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।