১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি সই করার মাত্র ৪১ দিনের মাথায় আজ বৃহস্পতিবার পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে মোট ১০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্রে। এর একটি ৪৫ ও অন্যটি ৫৫ মেগাওয়াট ক্ষমতার। গত ২০ মে এ দুটি কেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি অ্যাগ্রিকোর মধ্যে।সূত্র জানায়, এদিকে যে কোম্পানিগুলো চুক্তি করেও কাজের তেমন অগ্রগতি করতে পারেনি কিংবা সরকারি চিঠি পাওয়ার পরও চুক্তি করেনি, তাদের হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিদ্যুৎ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, সরকার বেশি দামে বিদ্যুৎ কিনছে জরুরি প্রয়োজনে। এই কাজে কোনো ব্যত্যয় সরকার সহ্য করবে না। তিনি চুক্তি করা প্রতিষ্ঠানগুলোকে তা বাস্তবায়নের বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দেন। যেসব প্রতিষ্ঠান এখনো চুক্তি করেনি, তাদের ২ জুলাইয়ের মধ্যে চুক্তি করে কাজ শুরু করতে বলেছেন সচিব। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ যাঁরা পেয়েছেন, তাঁদের প্রায় সবাই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ যে দুটি বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে, এর মধ্যে ৪৫ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি ঘোড়াশালে এবং ৫৫ মেগাওয়াটের কেন্দ্রটি খুলনায় বসানো হয়েছে। এই কেন্দ্র দুটি সরকারের ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র স্থাপন উদ্যোগের প্রথম চুক্তির বাস্তবায়ন। একই সঙ্গে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে নেওয়া উদ্যোগের মধ্যেও এই দুটি কেন্দ্রই প্রথম চালু হচ্ছে।চুক্তি অনুযায়ী, ৯০ থেকে ১২০ দিনের মধ্যে ডিজেলচালিত এসব কেন্দ্র স্থাপনের কথা। অ্যাগ্রিকো এর অর্ধেকেরও কম সময়ে কাজ শেষ করেছে। গত সোমবার তারা পিডিবিকে লেখা এক চিঠিতে জ্বালানি তেল সরবরাহের অনুরোধ জানিয়েছে। পিডিবির প্রধান প্রকৌশলী (উৎপাদন) প্রথম আলোকে বলেন, জ্বালানি তেল সরবরাহে কোনো সমস্যা নেই। পরীক্ষামূলক উৎপাদন শুরু করে যদি কেন্দ্রে কোনো সমস্যা দেখা যায়, তাহলে হয়তো বিদ্যুৎ পেতে আরও দু-এক দিন লাগতে পারে।অ্যাগ্রিকো আরও ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র বসাবে ঘোড়াশালে। এর কাজও দ্রুত এগোচ্ছে উল্লেখ করে সূত্র জানায়, আগামী ১ আগস্ট ওই কেন্দ্র চালু করা হবে। এটি স্থাপনের চুক্তিও হয়েছিল ২০ মে। সে হিসেবে এটি চালু হবে ৭০ দিনের মাথায়।সূত্র জানায়, একই সময়ে দেশ এনার্জি নামের কোম্পানির সঙ্গেও পিডিবি ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র স্থাপনের চুক্তি করেছিল। তবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই কেন্দ্র স্থাপনের কাজ এখনো শুরু হয়নি।সরকারের ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে এ পর্যন্ত ১৩টি কেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে। এসব কেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা এক হাজার ১৫৭ মেগাওয়াট। এর মধ্যে চারটি কেন্দ্র হবে ডিজেলচালিত। বাকি নয়টি চলবে ফার্নেস তেলে।ডিজেলচালিত কেন্দ্রগুলোর মধ্যে উপরোক্ত তিনটি ছাড়া ডিপিএ পাওয়ার জেনারেশন ৫০ মেগাওয়াটের একটি কেন্দ্র বসাবে পাগলা সেনাক্যাম্পে। এই কেন্দ্র স্থাপনে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি।ফার্নেস তেলচালিত কেন্দ্রগুলোতে উৎপাদন শুরু হবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পরবর্তী নয় মাসের মাথায়। এই কেন্দ্রগুলো হচ্ছে: গাজীপুরের কড্ডায় ডাচ্-বাংলা পাওয়ার লিমিটেডের ১০০ মেগাওয়াট, চট্টগ্রামের ঝুলদায় বাংলাট্রেকের ১০০ মেগাওয়াট, কেরানীগঞ্জে পাওয়ারটেক হোল্ডিংসের ১০০ মেগাওয়াট, নারায়ণগঞ্জের মেঘনাঘাটে পিডিভি পাওয়ারটেক ও সাইরাস হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াট, যশোরের নোয়াপাড়ায় আইএফডিসি-ভলকান এনার্জির ৪০ মেগাওয়াট, খুলনায় খুলনা পাওয়ার কোম্পানির (কেপিসিএল) ১১৫ মেগাওয়াট, মদনগঞ্জে সামিট পাওয়ারের ১০২ মেগাওয়াট, কড্ডায় আইইএল কনসোর্টিয়াম অ্যান্ড অ্যাসোসিয়েটসের ১০০ মেগাওয়াট এবং চাঁপাইনবাবগঞ্জে সিনহা পাওয়ারের ৫০ মেগাওয়াট কেন্দ্র।