১০০ শ্রমিক চাকরিচ্যুত
আশুলিয়ায় হীয়ন অ্যাপারেলসের ১০০ শ্রমিককে চাকরিচ্যুত করার জের ধরে আজ সোমবার জামগড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হলেও পরিস্থিতি এখন স্বাভাবিক। সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সেখানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় দুই ঘণ্টা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল বন্ধ ছিল।ওই কারখানার শ্রমিকদের ভাষ্য, ১০০ শ্রমিককে চাকরিচ্যুত করেছে কারখানা কর্তৃপক্ষ। তবে নিয়ম অনুযায়ী তাঁদের পাওনা পরিশোধ করেনি। তাঁরা পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ এ ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে।শ্রমিক, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সকাল আটটার দিকে হীয়ন অ্যাপারেলসের শ্রমিকেরা কারখানার ভেতর বিক্ষোভ শুরু করেন। সোয়া আটটার দিকে বের হয়ে তাঁরা অন্য কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় পাঁচটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়।এরপর শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন। পুলিশ বাধা দিলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক থেকে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।