১০১ দোররা ও পিতার নির্মম আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়। তালাকের নোটিশ পাঠানোর তিন মাসের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পেরে তালাকের নোটিশ প্রত্যাহার করেন এবং মেয়েটি স্বামীর ঘরে ফিরে যান। কিন্তু সুখের সংসারের দেখা আর হলো না। সমাজ বাধা হয়ে দাঁড়ায়, ১০১টি দোররা মারা হয় মেয়েটিকে। মেয়েটির বাবা মেয়েটিকে হিল্লা বিয়ে ছাড়া ফেরত দেবেন না কিছুতেই। স্বামী-স্ত্রী দুজনই চান সংসার করতে, কিন্তু জানা নেই তাঁদের ভাগ্যে কী অপেক্ষা করছে।ছয় বছরের সংসার তাঁদের। কোলজুড়ে আসে ফুটফুটে একটি ছেলে। ছেলেটির বয়স এখন চার। সুখের সংসারই কাটছিল তাঁদের। মাঝেমধ্যে সংসারের স্বাভাবিক কিছু ছোটখাটো ঝগড়াঝাটি হতো—এ টুকুই। কিন্তু কোনো একদিন এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটে যায় বড় একটি ঘটনা। তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। মেয়েটির স্বামী তাঁকে তালাক দেন। অবশ্য তালাকটি দেওয়া হয় কাজির মাধ্যমে নয়, আদালতে হলফনামার মাধ্যমে। তাঁদের সন্তানের বয়স তখন তিন। কিন্তু কে জানত, এই সামান্য একটি সিদ্ধান্ত তাঁদের জীবনে সর্বনাশ ডেকে আনবে। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর পরই তাঁরা তাঁদের ভুল বুঝতে পারেন। ভুল বুঝে নিজেদের বিচ্ছেদ প্রত্যাহার করে নিতে চান। তালাকের নোটিশটি নিয়ম মতোই পাঠানো হয়েছিল চেয়ারম্যানের বরাবর। চেয়ারম্যানের অফিস থেকে যখন সালিসের ডাক আসে, দুজনই তাঁরা সালিসে নিজেদের ভুল বুঝতে পেরে সংসার চালিয়ে নিতে ইচ্ছা পোষণ করেন। তাঁরা চেয়ারম্যানের কাছে বলেন, তাঁদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে। তাই তাঁরা আর তালাক চান না। চেয়ারম্যানও তাঁদের এই আগ্রহ দেখে তালাকের নোটিশটি প্রত্যাহার করেন। তওবা করে পুনরায় সংসার করার জন্য লিখিত আদেশ দেন। সে অনুযায়ী মেয়েটি তাঁর স্বামীর ঘরে ফিরে যান। পুনর্বার স্বামীর ঘরে প্রায় দুই মাস সুখে সংসার কাটান। তাঁরা ভাবেন, সব অমানিশা দূর হয়ে গেছে। কিন্তু বাধ সাধে তথাকথিত সমাজ, গ্রামের মোড়ল সম্প্রদায়। মেয়েটির শিক্ষক বাবাকে একঘরে করে রাখেন গ্রামের মুরব্বি ও মোড়লেরা। তাঁরা সালিস বসান। সালিসে বলা হয়, তালাক হয়ে গেছে। এখন হিল্লা বিয়ে ছাড়া পুনরায় স্বামীর ঘরে পাঠানো অন্যায় হয়েছে। তাই শাস্তিস্বরূপ একঘরে করে রাখা হবে।মেয়েটির বাবা তাঁকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসেন। তারপর আরেকবার সালিস ডাকা হয়। সালিসে বলা হয়, মেয়েটিকে ১০১টি দোররা মারা না হলে একঘরে করে রাখার আদেশ প্রত্যাহার করা হবে না। কথামতো বিচার শুরু। মেয়েটিকে মারা হলো গুনে গুনে ১০১টি দোররা। শর্ত দেওয়া হলো, এই দোররা মারার কথা গ্রামের চেয়ারম্যান ও পুলিশকে বলা যাবে না। মেয়েটির বাবাও তাঁদের কথায় প্ররোচিত হলেন। এর আগেই ঘটেছিল একটি মামলার ঘটনা। মেয়েটিকে যখন তালাকের নোটিশ পাঠানো হয়, তখন ৮০ হাজার টাকা দেনমোহরের জন্য মেয়েটি বাবার কথায় পারিবারিক আদালতে মামলা করেছিলেন। ওই মামলাটি এখন মানিকগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন। জানা যায়, আদালতে সবসময় দুজনেই পুনরায় সংসার করার কথা বলে আসছেন।মানিকগঞ্জের কাছাটিয়া গ্রামে দোররার শিকার হওয়া এই মেয়েটির সঙ্গে কথা হয়। মেয়েটি জানান, গত বছর অক্টোবরের দিকে দোররার ঘটনা ঘটলেও সবার চাপে এটি চেপে রাখেন তাঁরা। কারণ, তাঁদের ভয়, কোনো ক্ষতি হয় কি না। মেয়েটিকে বলি, ‘আপনার বাবাকে বলুন, তালাকের নোটিশ পাঠালেও ইদ্দতকাল পালনের মধ্যে তালাকের নোটিশ প্রত্যাহার করে পুনরায় সংসার করা যায়। এতে বাধা নেই।’‘আমি বলছি এসব কথা। চেয়ারম্যান স্যারও সব বলেছেন আমাদের। উনি আমাদের লিখে দিয়েছেন তওবা করে নিলেই হবে। আমি এই কথা শুনেই আমার স্বামীর ঘরে ফিরা যাই। আমার বাবা আমারে নিয়া আসছে শ্বশুরবাড়ি থেকে।’ কথা বলি মেয়েটির বাবার সঙ্গে। তিনি বলেন, ‘আসলে সবাই বলাবলি করছে। আমি আসলে বুঝতে পারছি না, আমার কী করা উচিত। কিন্তু মেয়েটিকে শ্বশুরবাড়ি পাঠালে আমাকে গ্রামছাড়া করা হবে।’ ‘মেয়েটিকে যে দোররা মারা হয়েছে এর প্রতিবাদ করেননি কেন?’ এই প্রশ্ন করলে তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন।মানিকগঞ্জের শিমুলিয়ায় বসবাসরত মেয়েটির স্বামীর সঙ্গেও কথা হয় ফোনে। তিনি বলেন, ‘আমার সমাজে কোনো বাধা নেই। কেউ আপত্তি করেনি। সব সমস্যা আমার শ্বশুরবাড়ির সমাজে। আমি আমার স্ত্রী ও সন্তান নিয়ে একসঙ্গেই থাকতে চাই।’মেয়েটি জানান, তিনি এখনই ফিরে যেতে চান। মামলা-মোকদ্দমা তুলে নিতে চান। কিন্তু তাঁর কথায় ‘সমাজ যে বাধা হইয়া দাঁড়াইছে।’ মেয়েটি কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ‘আমারে বাঁচান ভাই। আট-দশ মাস হইয়া গেল আমি বন্দী হইয়া আছি। আমি আমার স্বামীর ঘরে ফিরা যাইতে চাই, আমার সন্তানের দিক তাকাইয়া।’ কথা বলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সোবহানের সঙ্গে। তিনি জানান, আইনসম্মতভাবেই তিনি তালাক প্রত্যাহারের আদেশ দিয়েছিলেন এবং মেয়েটিকে স্বামীর সংসারে পাঠান। ‘১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের অনুসরণ করেই আমি সব পদ্ধতি অবলম্বন করেছি। যেহেতু তিন মাসের মধ্যেই তাঁরা আপসে পুনরায় সংসার করতে রাজি হয়েছেন। এতে কোনো বাধা নেই।’ মেয়েটিকে দোররা মারার ঘটনা ঘটেছে, এটি জানেন কি না—এই কথা জিজ্ঞেস করলে চেয়ারম্যান বলেন, এই ঘটনা তিনি জানেন না। এই প্রথম শুনেছেন। তবে কেন বিষয়টি গোপন রাখা হলো তা তিনি খতিয়ে দেখবেন এবং কারা এর সঙ্গে জড়িত তা তিনি বের করবেন বলেও জানান। তিনি বলেন, দু-এক দিনের মধ্যেই মেয়েটির বাবার সঙ্গে কথা বলে মেয়েটিকে স্বামীর বাড়ি পাঠানোর ব্যবস্থা করবেন, এতে সালিসও ডাকার দরকার হয় না। বর্তমানে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিলকে ঘটনাটি বলা হলে তিনিও খুব শিগগির বিষয়টি নিষ্পত্তি করবেন বলে জানান। মেয়েটি বারবার বলছিলেন, ‘আমার বাবারে একটু বুঝাইয়া বলেন, আমারে যেন শ্বশুরবাড়ি যাইতে দেয়।’মেয়েটির বাবাকে বলি, ‘দ্রুত ওকে শ্বশুরবাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন। স্বামী-স্ত্রী ঠিক থাকলে কেউ কিছু করতে পারবে না। প্রয়োজনে আইনের আশ্রয় নিন। সাহসী হোন। আপনার মেয়ে আর ফুটফুটে নাতির জীবনের সিদ্ধান্ত তো আপনার হাতেই। আপনি শিক্ষিত মানুষ। আপনার মেয়ে নবম শ্রেণী পর্যন্ত পড়েছে। আপনারা ভুল করতে পারেন না।এদিকে ৩০ জুন মানিকগঞ্জের সিনিয়র সহকারী জজ সিকান্দার জুলকার নাইনের আদালতে বিচারপূর্ব শুনানি ছিল। আদালত সূত্রে জানা যায়, মেয়েটির স্বামী এবং শ্বশুর মেয়েটিকে নিয়ে যেতে রাজি হন। মেয়েটিও ফেরত যেতে চান। কিন্তু বাধ সাধেন মেয়েটির বাবা। তিনি আদালতে বলেন, তাঁর মেয়েকে হিল্লা বিয়ে দেওয়া ছাড়া ফেরত দেবেন না। এতে মেয়েটি কান্নাকাটি শুরু করে আদালতেই এর প্রতিবাদ জানান। মেয়েটির বাবা বলেন, মেয়ে যদি তাঁর অমতে শ্বশুরবাড়িতে যান, তাহলে মেয়েটির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবেন তিনি। মেয়েটি কোনো উপায় না দেখে বাবার বাড়িতে ফেরত যান। জন্মদাতা বাবার অবাধ্যও তিনি হতে পারছেন না। কোনো দিন তিনি তাঁর বাবার অবাধ্য হয়নি। মেয়েটি এখন অসহায়। ১৩ জুলাই মামলার তারিখ নির্ধারিত আছে। আদালতে হয়ত একটি সিদ্ধান্ত আসবে। তবুও কোথায় যেন একটা শঙ্কা থেকেই যায়। শেষমেশ পারবে তো মেয়েটি তাঁর সন্তানটিকে নিয়ে স্বামীর ঘরে ফিরে যেতে—এই সমাজকীটদের সব বাধা-বিপত্তি এড়িয়ে...!পাদটীকা:১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ধারা ৭-এ বলা আছে, কোনো লোক যদি তাঁর স্ত্রীকে তালাক দিতে চান, তাহলে স্থানীয় চেয়ারম্যানের কাছে যত শিগগির সম্ভব লিখিত নোটিশ দিতে হবে এবং এর একটি কপি স্ত্রীকে দিতে হবে। নইলে তালাক কার্যকর হবে না। নোটিশ জারি হওয়ার পর ৯০ দিন অতিবাহিত হওয়ার আগে যেকোনো পক্ষ তালাক প্রত্যাহার করতে পারে এবং পুনরায় তারা সংসার শুরু করতে পারে। এতে কোনো বাধা নেই। তালাকের নোটিশ পাঠানোর ৯০ দিন অতিবাহিত না হলে তালাক কার্যকর হবে না। আর পূর্ণভাবে তালাক কার্যকর হওয়ার পর স্ত্রী যদি স্বামীর কাছে ফিরে যেতে চান, তবে কাবিনের মাধ্যমে যথাযথ আইনগত পদ্ধতিতে পুনরায় বিয়ে করলেই যথেষ্ট হবে। এ ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির সঙ্গে অন্তর্বর্তীকালীন বিয়ের প্রয়োজন নেই যদি না এ তালাক তিনবারের মতো কার্যকর হয়। ধারা ৭(৬)-এ বলা আছে ‘যে স্ত্রীর বিবাহ অবসান করা হয়েছে সে স্ত্রীর তৃতীয় ব্যক্তির সহিত মধ্যবর্তীকালীন বিবাহ ছাড়াই তার পূর্ব স্বামীর সঙ্গে পুনর্বিবাহে কোনোরূপ বাধা থাকবে না, যদি না ওই বিবাহ ভঙ্গ তৃতীয়বারের মতো কার্যকর হয়।’ [email protected]