১০১ বছর পর নাগরিকত্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শতাব্দীরও কিছুটা বেশি সময় পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে মাচুরাই যথারীতি আনন্দিত ও আবেগাল্পুত। তাই নাগরিকত্ব পাওয়ার পরই আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, বেঁচে থাকা অবস্থায় এটা পেয়ে আমি সত্যিই আনন্দিত।১৯০৯ সালের ১২ অক্টোবরের কথা। মেক্সিকোর ইউলালিয়া গার্সিয়া মাচুরাইয়ের বয়স তখন মাত্র ছয় বছর। সেদিন তাঁর মা তাঁকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্র। এরপর এই নারীর কেটে গেছে ১০১টি বছর। এত দিন মাচুরাই একজন বৈধ নিবন্ধনকৃত অভিবাসী হিসেবেই যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। কিন্তু এখন আর তিনি কোনো অভিবাসী নন। তিনি এখন যুক্তরাষ্ট্রের একজন সম্মানিত নাগরিক।গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে ইউলালিয়া গার্সিয়া মাচুরাইকে দেশটির নাগরিকত্ব প্রদান করেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রাউনসভ্যালির কেন্দ্রীয় আদালত ভবনে ইউলালিয়া গার্সিয়া মাচুরাইকে নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ওই এলাকাটিতেই তিনি তাঁর জীবনের অধিকাংশ সময় পার করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি এক বিরল ঘটনা। নাগরিকত্ব পাওয়ার পর প্রথমেই একজন আমেরিকান নাগরিক হিসেবে আগামী ২ নভেম্বর দেশটিতে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে চান মাচুরাই। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সেরা প্রার্থীকেই ভোট দেব।’ইউলালিয়া গার্সিয়া মাচুরাই মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। মাত্র ছয় মাস বয়সে তিনি তাঁর মায়ের কাঁধে চড়ে যুক্তরাষ্ট্র আসেন। তিনি যখন যুক্তরাষ্ট্রে আসেন, তখন দেশ দুটির নাগরিকদের মধ্যে সীমান্ত অতিক্রম করে আসা-যাওয়ার ব্যাপারটি খুবই স্বাভাবিক ছিল এবং এ জন্য তাঁদের কোনো ধরনের কাগজপত্র প্রদর্শন করতে হতো না। ১৯৪০ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেস ভিনদেশি লোকদের নিবন্ধন আইন পাস করে। এ আইনে ওই সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভিনদেশি নাগরিকদের নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়। অন্য দেশের নাগরিকদের মতো মাচুরাইও ওই সময় নিবন্ধন করে যুক্তরাষ্ট্রে অবস্থান করার আইনগত সনদ অর্জন করেন। ১৯৪১ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র সরকার তাঁকে ওই সনদটি প্রদান করে। এর পর তিনি কোনো ধরনের ঝামেলা ছাড়াই যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন এবং বিভিন্ন সময় অবাধে মেক্সিকোতে যাওয়া-আসা করেছেন। মাচুরাই যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করায় কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন ব্যুরো সার্ভিসের মুখপাত্র মারিলু ক্যাবরেরা বলেন, ১০১ বছর বয়সী এই নারী যুক্তরাষ্ট্রের নাগরিক হতে চেয়েছেন, এটা আমাদের জন্য একটি সম্মান। বিবিসি।