১০২ ভোটকেন্দ্রের মধ্যে ৬৪টিই অধিক ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনের মোট ১০২টি ভোট-কেন্দ্রের মধ্যে ৬৪টিই অধিক ঝুঁকিপূর্ণ। বাকি ৩৮টি কেন্দ্র কম ঝুঁকিপূর্ণ। কাপাসিয়া থানা কেন্দ্রগুলোর এ প্রতিবেদন নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুরের পুলিশ সুপারের কাছে পাঠিয়েছে। থানার সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।৩০ সেপ্টেম্বর এ উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও কাপাসিয়া থানার সূত্র জানায়, ভোটের দিন অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করার এবং স্ট্রাইকিং ফোর্সের কড়া নজরদারিতে রাখার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশন অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে উল্লেখ করে থাকে।এ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি। আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাজউদ্দীনের ভাই ও সাবেক প্রতিমন্ত্রী আফসারউদ্দীন আহমদ খান। অপর প্রার্থী হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত মো. আসাদুল্লাহ বাদল।আফসারউদ্দীন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। তিনি গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কা আছে। ভোটাররা যেন ভোট দিতে পারে, সেই ব্যবস্থা নেওয়া দরকার।তবে সিমিন হোসেন বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে কোনো বাধা দেখছি না।’আসাদুল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন শান্তিপূর্ণ ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন না-ও হতে পারে।পুলিশ সূত্র জানায়, নির্বাচনী প্রচার-প্রচারণার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আফসারউদ্দীনের কর্মীদের ওপর কয়েক দফা হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া মুঠোফোনে প্রতিপক্ষের কর্মীকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মুঠোফোনে হুমকি পাওয়া বোরহানউদ্দিনের ওপর গত বৃহস্পতিবার হামলা হয়েছে বলে আবার অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশনার জাবেদ আলী ও রিটার্নিং কর্মকর্তা সব অভিযোগ খতিয়ে দেখতে বলেছেন। সবকিছু বিবেচনা করে ভোটের দিন কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।কাপাসিয়া থানার তথ্য অনুযায়ী, এ নির্বাচনী এলাকার ১১টি ইউনিয়নের মধ্যে রায়েদ ও টোক সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ দুই ইউনিয়নের ২০টি কেন্দ্রের মধ্যে ১৬টিই অধিক ঝুঁকিপূর্ণ। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সিমিন হোসেন ও আফসারউদ্দীনের বাড়ি রায়েদ ইউনিয়নে। ঘাগটিয়া ইউনিয়নের নয়টির মধ্যে পাঁচটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংসদ আ স ম হান্নান শাহর বাড়ি। এ ছাড়া সিংহশ্রী, চাঁদপুর ও কড়িহাতার পাঁচটি করে এবং সনমানিয়া, তরগাঁও, কাপাসিয়া ও দুর্গাপুরের ছয়টি করে কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এসব ইউনিয়নেও নয়টি করে কেন্দ্র রয়েছে।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও সাধারণগুলো চিহ্নিত করা হয়েছে। দুর্গম এলাকার ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।’নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোটের পরদিন পর্যন্ত চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হবে। প্রয়োজনে পর্যাপ্ত র‌্যাবও রাখা হবে। তবে এ উপনির্বাচনে সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেই।সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, যেসব অভিযোগ এসেছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে কয়েকটি অভিযোগের সপক্ষে অভিযোগকারী কোনো প্রমাণ দেখাতে পারেননি। তবে মুঠোফোনে হুমকির প্রমাণ হিসেবে সিডি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।গণসংযোগ: তিন প্রার্থীই গতকাল শুক্রবার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। সিমিন হোসেন কাপাসিয়া বাজার এবং দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ও তারাগঞ্জে গণসংযোগ করেন। তিনি তরগাঁও ইউনিয়নে জনসভা করেন। এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও মেহের আফরোজ বক্তব্য দেন।জনসভায় তোফায়েল আহমেদ বলেন, আফসারউদ্দীন দলের সঙ্গে বেইমানি করেছেন, তাজউদ্দীনের সঙ্গে বেইমানি করেছেন। তিনি বলেন, বিএনপি মানুক বা না মানুক, সংবিধানে যেভাবে আছে, সেভাবেই নির্বাচন হবে।আফসারউদ্দীন সকালে কাপাসিয়া বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে বসেন। সেখান থেকে সনমানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। কয়েকটি ছোট পথসভায়ও তিনি বক্তব্য দেন। আসাদুল্লাহ জনসংযোগ করেন বারিসাব ইউনিয়নের বিভিন্ন এলাকায়। তিনি পথসভায়ও বক্তব্য দেন।