১০২৭ জনের বিনিময়ে এক সেনার মুক্তি!
সার্জেন্ট গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে এক হাজার ২৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে ইসরায়েল। এরই অংশ হিসেবে আজ রোববার মুক্তির অপেক্ষায় থাকা ৪৭৭ জন বন্দীর নাম প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেজের কার্যালয় সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট তাদের ক্ষমা করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।বিবিসির খবরে বলা হয়, আগামী মঙ্গলবার প্রথম দফায় ৪৭৭ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। বন্দী ইসরায়েলি সেনাসদস্য দেশে ফিরলে দ্বিতীয় দফায় আরও সাড়ে ৫০০ বন্দীকে মুক্তি দেওয়া হবে।১৯ বছর বয়সী ইসরায়েলি ওই সেনাসদস্য ২০০৬ সালে হামাস সদস্যদের হাতে অপহূত হন। কয়েক বছরের আলোচনা শেষে গত মঙ্গলবার তাঁর মুক্তির ঘোষণা দেওয়া হয়।আজ মঙ্গলবার ইসরায়েল জানায়, প্রথম দফায় মুক্তির অপেক্ষায় থাকা বন্দীদের মধ্যে সাড়ে ৪০০ জন পুরুষ ও ২৭ জন নারী। এর আগে বন্দীদের কয়েকজনের নাম হামাসপন্থী কিছু ওয়েবসাইটের প্রকাশিত হলেও আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি বন্দীদের নাম প্রকাশ করা হয়।তবে ইসরায়েল তিনজনের মুক্তি দিতে অসম্মতি জানিয়েছে। তাঁরা হলেন মারওয়ান বারগৌতি, আবদুল্লাহ বারগৌতি ও আহমেদ সাদাত। তাঁদের বিরুদ্ধে ইসরায়েলে আত্মঘাতী হামলা ও গুপ্তহত্যার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে এরই মধ্যে তাঁরা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।মোহাম্মদ আল-বারেম নামে ফিলিস্তিনের এক মুখপাত্র বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের মিসরে পাঠানো হবে। এরপর ইসরায়েলি সেনা শালিতকে হস্তান্তর করা হবে।