১১ আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার দ্বৈত নাগরিকত্ব থাকার দায়ে পার্লামেন্টের ১১ জন আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, যেসব আইনপ্রণেতার দ্বৈত নাগরিকত্ব আছে, তাঁরা কোনো সরকারি পদে থাকার যোগ্য নন। আইনপ্রণেতা হিসেবেও তাঁরা অযোগ্য।‘ডন নিউজ’ অনলাইনের খবরে বলা হয়, প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়, সংবিধানের ৬২ ও ৬৩ ধারা অনুযায়ী এসব আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।অযোগ্য ঘোষিত ১১ জন আইনপ্রণেতা হলেন: জাহিদ ইকবাল, ফারাহনাজ ইস্পাহানি, মুহাম্মদ ইখলাক, আশরাফ চৌহান, নাদিয়া গাবোল, আমিনা বুত্তার, জামিল আওয়ান, ওয়াসিম কাদির, ফারহাদ মাহমুদ খান, নাদিম খাদিম ও আহমেদ আলী শাহ। এঁদের চারজন জাতীয় পরিষদের সদস্য, পাঁচজন পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ও দুজন সিন্ধুর প্রাদেশিক পরিষদের সদস্য। এই রায়ের কপি প্রতিটি পরিষদে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এ ছাড়া আদালত এসব আইনপ্রণেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। অযোগ্য ঘোষিত আইনপ্রণেতাদের বেতন-ভাতা বাবদ যে পরিমাণ রাষ্ট্রীয় ব্যয় হয়েছে, তা তাঁদের কাছ থেকে ফেরত নিয়ে রাজস্ব বিভাগে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতির ওপর প্রতিবেদন জমা দিতে সিনেট ও জাতীয় পরিষদের সচিবদের নির্দেশ দিয়েছেন আদালত। অযোগ্য ঘোষিত ব্যক্তিদের মধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকও আছেন। মালিক এ বছরের ২৯ মে পর্যন্ত ব্রিটিশ নাগরিক ছিলেন। রায়ে বলা হয়, পাকিস্তান পিপলস পার্টির নেতা এর আগে (নির্বাচনের সময়) তাঁর নাগরিকত্ব বিষয়ে যে বিবৃতিটি দিয়েছিলেন, তা ছিল অস্বচ্ছ। বিবৃতিটি আদালতে সত্য বলে স্বীকৃত হওয়ার বা গৃহীত হওয়ার যোগ্য নয়।আদালত রেহমান মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ নিয়েছেন। কারণ হিসেবে আদালত বলেন, মালিক ২০০৮ সালের সিনেট নির্বাচনের আগে নির্বাচনী আইন অমান্য করে ভুল হলফনামা দিয়েছিলেন।চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার অপর এক খবরে বলা হয়, রায়ের পরই মালিক আদালতে ছুটে যান এবং প্রতিবেদকদের জানান, তিনি আদালতের রায় মেনে নিয়েছেন। তিনি বলেন, ‘আমি আদালতকে সম্মান করি।’