বিরোধী দল নৈরাজ্য করে আবারও ১/১১ আনতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল দেশে নৈরাজ্য সৃষ্টি করে আবারও একটা ১/১১ ডেকে আনতে চায় বলে অভিযোগ করেছেন সরকারদলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, তারা দেশটাকে কোথায় নিয়ে যাবে? সংবিধানকে লঙ্ঘন করে, সংসদকে লঙ্ঘন করে দেশে নৈরাজ্য তৈরি করতে চায়। তিনি বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে উদ্দেশে বলেন, ‘প্রশ্ন করতে চাই, আজকে কি আপনি আরও একটা ১/১১ তৈরি করতে চান। আমার কাছে সে রকম আলামতই মনে হচ্ছে।’২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে আজ রোববার সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এ সময় অধিবেশনে উপস্থিত ছিলেন। তবে বিরোধী দল বিএনপি আজও সংসদে অনুপস্থিত ছিল।বিরোধী দল সংসদের বাইরে পাঁচতারা হোটেলে ছায়া বাজেট উপস্থাপন করেছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘ছায়া বাজেট বিশ্বের বিভিন্ন দেশে আছে। তবে সরকার বাজেট উপস্থাপনের পর সংসদেই বিরোধী দল এই বাজেট দেয়। আর আমাদের সংসদের বিরোধী দলের নেতা সংসদের বাইরে পাঁচতারা হোটেলে গিয়ে বাজেট দিয়েছেন।’জ্যেষ্ঠ এই সাংসদ ২০১০-১১ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের সুদের ওপর প্রস্তাবিত করারোপের বিরোধিতা করেন। তিনি অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও অবসরপ্রাপ্তদের সঞ্চয়ের ওপর কর না বসিয়ে বরং আপনি আয়ের ওপর কর বসান।’ তিনি একই সঙ্গে মোবাইল ফোনের প্রতি সিমের ওপর থেকে ৮০০ টাকা করে করের পরিবর্তে ১০০ টাকা কর ধার্য করার প্রস্তাব করেন। তিনি বলেন, ৮০০ টাকা কর ধরলে যে আয় হবে, তার চেয়ে বেশি আয় হতে পারে ১০০ টাকা কর ধরলে। কারণ তাতে বেশি সিম বিক্রি হবে। তবে তিনি শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের মূলধনী আয়ের ওপর প্রস্তাবিত কর ঠিক আছে বলে মত দেন।