নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলার ১১ আসামির জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।একই সঙ্গে বাদীদের হুমকি দেওয়াসংক্রান্ত ঘটনা তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করতে নাটোরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আদালত জামিনসংক্রান্ত রুলের ওপর ২৮ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।গত ৬ মার্চ হাইকোর্টের একই বেঞ্চ ওই ১১ আসামির ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। তাঁরা হলেন রাসেল ওরফে রাপ্পু, বাদশা মণ্ডল, আশরাফুল ইসলাম, লুৎফর রহমান, রেজাউল করিম, হাশেম মৃধা, গৌতম ঘোষ, আবদুল মালেক, মো. হাবিব, বাবু মোল্লা ও বাবলু মোল্লা। ১০ মার্চ তাঁরা নাটোর কারাগার থেকে জামিনে মুক্তি পান। সন্ধ্যায় তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। এ নিয়ে ১১ মার্চ প্রথম আলোয় ‘সানাউল্লাহ হত্যাকাণ্ড, ১১ আসামি জামিনে মুক্ত, সংবর্ধনা, হুমকি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।বিষয়টি নজরে এলে গতকাল বেলা আড়াইটার দিকে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এ সময় আদালত বলেন, আদেশ না দেখে মন্তব্য করা সমীচীন নয়। ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া আদেশে বলা হয়েছে, জামিনের কোনো ধরনের অপব্যবহার হলে আদালতের (বিচারিক) জামিন বাতিলের স্বাধীনতা রয়েছে। আদালতে আইনজীবী আবদুল মতিন খসরু, শ ম রেজাউল করিম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল উপস্থিত ছিলেন।জানা যায়, গত বছরের ৮ অক্টোবর বড়াইগ্রামের বনপাড়া বাজারে সন্ত্রাসীরা প্রকাশ্যে সানাউল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী মহুয়া নূর ২৭ জনের নাম উল্লেখসহ ৪৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পরে ২৮ অক্টোবর তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে নামোল্লেখ করে আরও ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ দেন। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আহম্মদ আলী তদন্ত করছেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ৬ মার্চ এক আদেশে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন ও রুল জারি করেন। আদালত গতকাল ১১ আসামির জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত) রুল জারি করেছেন। এসব রুলের ওপর ২৮ মার্চ শুনানির দিন ধার্য করা হয়েছে।আসামিদের আটক রাখার দাবি: আমাদের নাটোর প্রতিনিধি জানান, গতকাল দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সানাউল্লাহ নূর হত্যা মামলার আসামিদের জেলহাজতে আটক রাখার দাবি জানিয়েছেন মামলার বাদী মহুয়া নূর। তিনি অভিযোগ করে বলেন, ‘আসামিরা প্রকাশ্য দিবালোকে বাবুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। হত্যার দৃশ্য সাংবাদিকেরা ভিডিও ক্যামেরায় ধারণ করেছেন। এসব দৃশ্য বিভিন্ন সংবাদমাধ্যমে বহুবার প্রচার করা হয়েছে। এসব চিহ্নিত আসামি জামিন নিয়ে এসে আমাকে ও আমার মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপও দিচ্ছে। সাক্ষীদের সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমি ন্যায়বিচার পাব না বলে মনে করছি।’ তিনি আসামিদের জামিন বাতিল করে তাদের জেলহাজতে আটক রাখার দাবি জানান।মহুয়া নূর অভিযোগ করেন, মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক কে এম জাকির হোসেন ৮ মার্চ আদালতে অন্য নাম (মোল্লা মোহাম্মদ জাকির) উল্লেখ করে জামিন নিয়েছেন।সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ কাজী গোলাম মোর্শেদ, সহসভাপতি শহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী ও বড়াইগ্রাম উপজেলা যুবদলের সভাপতি এবং এই হত্যা মামলার প্রধান সাক্ষী সরদার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।এদিকে মহুয়া নূরের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কে এম জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি ওই তারিখে (৮ মার্চ) জামিন নিইনি। ৭ মার্চ অপর একটি বেঞ্চ (কার্যতালিকার ৮৪ নম্বর সূচি) থেকে চার মাসের অন্তর্বর্তী জামিন নিয়েছি। সেখানে আমার নাম সঠিকভাবে উল্লেখ করেছি। আমি বাদীকে বা সাক্ষীকে কোনো হুমকি দিইনি।’