১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক মন্ত্রী ও জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামির বিরুদ্ধে গতকাল সোমবার আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তাব আকারে উপস্থাপন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ অভিযোগ উপস্থাপন করেন। এর পর একে একে সাত আসামির আইনজীবী অব্যাহতি চেয়ে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত বক্তব্য দেন। সন্ধ্যা ঘনিয়ে আসায় বিচারক আজ মঙ্গলবার সকাল পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। গতকাল বেলা ১১টা ৫১ মিনিটে শুনানি শুরু হয়। শুরুতে মামলার নথি পাওয়া যায়নি বলে আবারও অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন লুৎফুজ্জামান বাবরের কৌঁসুলিরা। অন্য আসামির কৌঁসুলিরারও এতে সমর্থন দেন। এর বিরোধিতা করে পিপি কামালউদ্দিন আহাম্মদ অভিযোগ গঠনের শুনানির আবেদন জানালে আদালতে হট্টগোল হয়। একপর্যায়ে বিচারক সবাইকে থামিয়ে মামলার কার্যক্রম অব্যাহত রাখেন। এরপর বিচারকের নির্দেশে পিপি কামালউদ্দিন পর্যায়ক্রমে ১১ আসামি বিরুদ্ধে অভিযোগ প্রস্তাব আকারে উপস্থাপন করতেন থাকেন। এক পর্যায়ে আসামি পক্ষের আইনজীবীরা ফের হট্টগোল শুরু করলে পিপি বক্তব্য থামিয়ে দেন। পরে বিচারক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পিপি তাঁর অভিযোগ উপস্থাপন শেষ হয়। পিপি কামালউদ্দিন ১০ ট্রাক অস্ত্র চালান আনার ঘটনায় মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর, সাবেক গোয়েন্দা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন, মেজর (অব.) লিয়াকত হোসেন ও আকবর আলী এবং সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীনউদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক এনামুল হক, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া ও সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমীনের ভূমিকা অভিযোগ আকারে তুলে ধরেনএরপর ছয় আসামির অব্যাহতি চেয়ে তাঁদের আইনজীবীরা বক্তব্য উপস্থাপন করেন। আবদুর রহিমের আইনজীবী গতকাল আংশিক বক্তব্য দেন। আজ অব্যাহতির বিষয়ে বক্তব্য শেষ করার কথা। এ ছাড়া রেজ্জাকুল হায়দার চৌধুরী ও আকবর আলীর আইনজীবীর বক্তব্য উপস্থাপন করবেন। গতকাল আসামি পক্ষে আইনজীবীরা এই মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা বলে দাবি করেন। তাঁরা বলেছেন, ১০ ট্রাক অস্ত্র আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়নি। এই অস্ত্রের চালানের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা ছিল না।হাতকড়া প্রসঙ্গ: গতকাল হট্টগোলের মধ্যে কাঠগড়ায় দাঁড়ানো আসামি হাফিজুর রহমান বিচারকের উদ্দেশে বলেন, ‘স্যার, আমার একটি আরজি আছে। ১১ আসামির মধ্যে শুধু আমাদের দুজনের হাতে হাতকড়া লাগানো আছে। অন্য নয়জনের হাতে তা নেই। এ ব্যাপারে আপনার কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।’ এ সময় বিচারক মজিবুর রহমান তাঁর আইনজীবীর নাম জানতে চান। জবাবে হাফিজ বলেন, ‘আমার আইনজীবী.., তিনি এখন চট্টগ্রামে নেই।’ বিচারক তাঁর অভিযোগ আইনজীবীর মাধ্যমে উপস্থাপনের পরামর্শ দিয়ে বলেন, ‘আমি বিষয়টি তদন্ত করে দেখব।’