সিলেট নগরের কেন্দ্রস্থল থেকে কারাগার স্থানান্তর করে সেখানে ‘সাইবার সিটি’ প্রতিষ্ঠাসহ ১১ দফা উন্নয়ন পরিকল্পনার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী। গতকাল সোমবার দুপুরে নগরের জিন্দাবাজারে প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট-সমর্থিত এই প্রার্থীর ইশতেহার ঘোষণা করা হয়।ইশতেহার পড়ে শোনান সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক আতাউর রহমান পীর। এ সময় মেয়র পদপ্রার্থী আরিফুল হকসহ ১৮-দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।ইশতেহারে উল্লেখ করা হয়, আরিফুল হক মেয়র নির্বাচিত হলে তাঁর কর্মজীবন ও বিদেশ সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও নগরবিদদের সমন্বয়ে সিলেট নগরের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করবেন। এর প্রধান লক্ষ্য হবে সিলেটকে ‘পরিকল্পিত আধুনিক নগর’ হিসেবে গড়ে তোলা।নগরে পানীয় জলের সমস্যাকে দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে বলা হয়, সমাধানে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সময় নেওয়া উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নগরের প্রতিটি ঘরে সুপেয় পানি পৌঁছে দেওয়া হবে। শিক্ষার উন্নয়ন ও প্রসারে নগর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং নগর বিশ্ববিদ্যালয় স্থাপন করে প্রতিটি মহল্লায় ছিন্নমূলদের শিক্ষার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রতিটি ওয়ার্ডে একটি করে স্যাটেলাইট ক্লিনিক স্থাপন এবং বস্তিবাসীর সেবায় ভ্রাম্যমাণ ক্লিনিক ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর কথা বলা হয়েছে ইশতেহারে।প্রবাসী ও দেশে বসবাসকারী তাঁদের স্বজনেরা ব্যবসা, বিনিয়োগ ও নির্মাণের ক্ষেত্রে যাতে হয়রানির শিকার না হন, সে জন্য নগর ভবনে ‘প্রবাসী সেবাকেন্দ্র’ স্থাপন করা হবে। ইশতেহার ঘোষণাকালে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন, সম্মিলিত নাগরিক জোটের সদস্যসচিব আবুল কাহের শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।মোহাম্মদ নাসিমের আহ্বান: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম গত দুই দিন সিলেটে ১৪ দলের মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পক্ষে গণসংযোগ করে গতকাল দুপুরে নগরের তালতলা এলাকায় সংবাদ সম্মেলন করেন। তিনি কামরানকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, ‘কামরান কাউন্সিলর থেকে পৌরসভার চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়র হয়েছেন। তিনি এই নগরের মানুষের সুখ-দুঃখের সাথি।’সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন, জেলা সভাপতি আবদুজ জহির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ ইমরান আহমদ, মাহমুদ উস সামাদ চৌধুরী, আবু জাহিদ, মতিউর রহমান ও মোয়াজ্জেম হোসেন বক্তব্য দেন।