আজ ২৬/১১। মুম্বাই হামলার তিন বছর পূর্তি। ২০০৮ সালের এ দিনে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সংঘটিত হয়েছিল ভয়াবহ সন্ত্রাসী হামলা। ব্যস্ত মুম্বাইয়ে হঠাৎই শুরু হয়েছিল গোলাগুলি আর বিস্ফোরণের হল্লা। মুহূর্তেই মুম্বাইয়ের ব্যস্ততা পরিণত হয় ত্রাসে; প্রাণ হারান ১৬৬ জন নিরীহ মানুষ। সেই ঘটনার তিন বছর পরও বিচার পাননি ভুক্তভোগীরা। আর সন্ত্রাসী হামলার ভয়ে এখনো ত্রস্ত মুম্বাইয়ের বাসিন্দারা। মুম্বাই হামলার একমাত্র জীবিত আসামি আজমল আমির কাসাবের ফাঁসি কার্যকর হয়নি এখনো, বরং তিনি রাজার হালেই আছেন। কাসাবের পেছনে গত তিন বছরে মহারাষ্ট্র সরকারের ব্যয় হয়েছে ১৬ কোটি ১৭ লাখ রুপি।মহারাষ্ট্রের আর্থার রোড জেলে বন্দী কাসাবের জন্য বিশেষ সেল নির্মাণ, অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন, খাবার ও চিকিত্সার পেছনে এ পরিমাণ ব্যয় হয়েছে। সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও কাসাবের পেছনে ব্যয়ের এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজ্যটির স্বরাষ্ট্র বিভাগ।কাসাবের দণ্ড কার্যকর না হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ এ হামলার ভুক্তভোগীরা। এমনই একজন ভুক্তভোগী দেবিকা রতনের প্রশ্ন, ‘এখনো কাসাবকে কেন ফাঁসি দেওয়া হয় না? আমরা কি আরও একটি ২৬/১১ ধরনের হামলার জন্য অপেক্ষা করছি?’কাসাবের দণ্ড কার্যকর না হওয়ায় মুম্বাই হামলায় স্বামী হারানো কল্পনা সাহাও ক্ষুব্ধ। বিরক্তি ভরা কণ্ঠে তিনি বলেন, ‘তিন বছর পেরিয়ে গেছে, এখনো আমরা বিচার পাইনি। কাসাব এখনো জীবিত।’কাসাবের দণ্ড কার্যকর না হওয়ার পাশাপাশি এখনো নিশ্চিত হয়নি মুম্বাইয়ের নিরাপত্তা। মুম্বাই হামলার সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তানি সন্ত্রাসীরা নৌপথে ভারতে এসেছিল। এ তথ্য জানার পর নৌপথে টহল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। এ প্রকল্পে ইতিমধ্যে ১২৫ কোটি রুপিও খরচ হয়েছে। কিন্তু নিরাপত্তার বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি।উপকূলে টহল দেওয়া থেকে অব্যাহতির আবেদনের পরিপ্রেক্ষিতে গত মাসে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট পুলিশ বাহিনীর তীব্র সমালোচনা করেছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় জনশক্তি ও অবকাঠামোর অভাবের জন্যই তারা ওই অনুরোধ জানিয়ে ছিল। পাশাপাশি বর্ষা মৌসুমে উপকূলে টহল দেওয়াটা পুলিশের জন্য বেশ ঝুঁকিপূর্ণ এবং এ কাজ করার জন্য প্রশিক্ষিত জনবলও তাদের নেই। তা ছাড়া কোস্টগার্ড ও নৌবাহিনী উপকূলে পাহারা দিতে তেমন আগ্রহী নয়।মুম্বাই হামলার মতো ঘটনার পর উপকূলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনেকেই শঙ্কিত। উপকূলবর্তী স্থানীয় জেলেদের সংগঠনের মতে, পাকিস্তানের ১০ সন্ত্রাসী একটি ছোট নৌকায় চড়ে ভারতে এসেছিল। উপকূল এতই অরক্ষিত যে তারা আরও বড় মাত্রায় এখানে আসতে পারে।মুম্বাই হামলা নিয়ে অবহেলার এখানেই শেষ নয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সে সময় যেসব প্রভাবশালী রাজনীতিবিদকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছিল, তিন বছর পর তাঁরা এখন আবার ক্ষমতা ফিরে এসেছেন। সব মিলিয়ে এসব হতাশার খবর বাড়ছে ভুক্তভোগীদের হূদয়ের রক্তক্ষরণ। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর কাসাবসহ ১০ জন সশস্ত্র ব্যক্তি মুম্বাইয়ে ওই ভয়াবহ হামলা চালায়। এতে ১৬৬ ব্যক্তি নিহত এবং বহু লোক আহত হন। বিশেষ আদালত কাসাবকে মৃত্যুদণ্ড দেন। ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি হাইকোর্ট এ আদেশ বহাল রাখেন। ২০১১ সালের ৩০ জুলাই হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করেছেন কাসাব। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।