১/১১-এর ক্রীড়নকেরা মাথা চাড়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ইলিয়াস আলীর ঘটনাসহ সাম্প্রতিক অন্যান্য ঘটনা প্রমাণ করে, বিগত ওয়ান-ইলেভেনের ক্রীড়নকেরা আবার মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় লিপ্ত। তাঁর অভিযোগ, বিএনপি ওই অপশক্তির লেজুড়বৃত্তি করে গণতান্ত্রিক ধারা নস্যাত্ করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে।আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে শিল্পমন্ত্রী এ কথা বলেন। ‘কায়েমি স্বার্থবাদী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে’ বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এ কর্মসূচির আয়োজন করে।শিল্পমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতাবিরোধী শক্তি এ দেশে গুম ও হত্যার রাজনীতির সূচনা করে। সে সময় দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় চিহ্নিত অপশক্তি সম্প্রতি ইলিয়াস আলীর ঘটনাসহ অন্যান্য ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।দিলীপ বড়ুয়া বলেন, এ অপশক্তিকে সম্মিলিতভাবে প্রতিরোধ না করলে ভবিষ্যতে ইলিয়াস আলীর ঘটনার মতো আরও ঘটনা ঘটানো হতে পারে।দিলীপ বড়ুয়া বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, চিহ্নিত অপশক্তি অদৃশ্য তৃতীয় শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করার কূটকৌশল অবলম্বন করছে। মানববন্ধনে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) কেন্দ্রীয় কমিটির সদস্য ধীরেন সিংহ, আবু হামেদ সাহাবুদ্দিন, লুত্ফর রহমান প্রমুখ বক্তব্য দেন। বাসস।