৯/১১-এর ঢেউয়ে বদলে গেছে বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে বদলে যায় আন্তর্জাতিক রাজনীতি। এ ঘটনার জেরে বিশ্বব্যাপী শুরু হয় ‘কথিত’ সন্ত্রাসবিরোধী যুদ্ধ। আগ্রাসন চালানো হয় আফগানিস্তান ও ইরাকে। মুসলিম বিশ্বের সঙ্গে পশ্চিমাদের বাড়ে দূরত্ব।টুইন টাওয়ারে হামলার প্রতিশোধ নিতে ২০০১ সালে ইঙ্গ-মার্কিন বাহিনী হামলা চালায় আফগানিস্তানে। আফগানিস্তান থেকে উচ্ছেদ করা হয় আল-কায়েদার পৃষ্ঠপোষক তালেবান সরকারকে। নতুন দেশ গঠনে পাঠানো হয় এক লাখেরও বেশি বিদেশি সেনা। তালেবানরা এখন আর আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু আছে সর্বত্র, যম দূতের মতো। আফগানিস্তান এখনও এক মৃত্যুপুরী। তালেবানদের হামলায় সেখানে প্রায় প্রতিদিনই মরছে সাধারণ মানুষ, মরছে বিদেশি সেনা। ইঙ্গ-মার্কিনিদের স্বপ্নের তালেবান মুক্ত আফগানিস্তান অধরাই রয়ে গেছে।আফগানিস্তান যুদ্ধ প্রতিবেশী পাকিস্তানকেও অস্থিতিশীল করে দিয়েছে। আমেরিকার সন্ত্রাসবিরোধী যুদ্ধে যোগ দিয়ে পাকিস্তান নিজেকে ঠেলে দিয়েছে চরম বিপদে। পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গিদের নির্মূল করতে যুক্তরাষ্ট্র দেশটিতে অহরহ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তাতে ক্ষুব্ধ হয়ে পাকিস্তানভিত্তিক তালেবানরা প্রতিশোধের নেশায় মেতেছে। পাকিস্তানে বইছে রক্ত বন্যা। বিশ্লেষকদের মতে, সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হয়ে পাকিস্তান এখন সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।ইঙ্গ-মার্কিনিদের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের দ্বিতীয় শিকার ইরাক। সাদ্দাম হোসেনের কাছে মানবতা বিধ্বংসী অস্ত্র আছে, এই মিথ্যা অভিযোগে হামলা চালানো হয় ইরাকে। ইরাকে সাদ্দামের নৃশংস যুগের অবসান হয়েছে। কিন্তু প্রবেশ করেছে নতুন এক অরাজকতার যুগে।কথিত সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের দোহাই দিয়ে ইঙ্গ-মার্কিনিরা বিশ্বের যেকোনো দেশে সামরিক অভিযানকে জায়েজ করেছে। বদলে দিয়েছে পুরো বিশ্ব ব্যবস্থাকেই। অভিবাসন প্রক্রিয়ায় আরোপ করা হয়েছে কড়াকড়ি। নিরাপত্তা ব্যবস্থায় এসেছে বাড়াবাড়ি। এছাড়া মুসলিম বিশ্বের সঙ্গে পশ্চিমাদের সম্পর্কের তিক্ততা আরো বেড়েছে। স্কাই নিউজ অবলম্বনে।