বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও রাজনীতিবিদ নির্মল সেন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের দুই নেত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে দেশকে আর একটি ১/১১-এর দিকে ঠেলে দেবেন না। এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে, তা একসঙ্গে বসে সংলাপের মাধ্যমে মীমাংসা করুন।’ আজ শনিবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিজ বাড়িতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্মল সেন এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উদ্দেশ করে নির্মল সেন বলেন, ‘আপনি বলেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনিদের খুঁজে বের করা হবে। আমি বলেছিলাম, ৪৮ ঘণ্টা নয়, যদি পারেন ৪৮ দিনে খুনিদের খুঁজে বের করুন। ৪৮ দিনে খুনিদের খুঁজে বের করতে পারলে আপনাকে ধন্যবাদ জানাব। আপনি পারেননি, ব্যর্থ হয়েছেন। দয়া করে যা করতে পারবেন, তা বলুন।’ সাগর-রুনিসহ সব হত্যার বিচার চান এই প্রবীণ সাংবাদিক। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে নির্মল সেন বলেন, ‘আপনারা সাহসী হোন। সাহস নিয়ে সত্য কথা লিখুন। সত্য কথা লিখলে সমাজে মাথা উঁচু করে চলতে পারবেন। সাংবাদিকতার জীবনে আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। সারা জীবন সাহস নিয়ে সত্য কথা লিখেছি।’প্রবীণ রাজনীতিক তাঁর রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বলেন, ‘আমার বাড়ি গোপালগঞ্জে হলেও বরিশাল থেকেই আমার রাজনৈতিক জীবন শুরু। ঝালকাঠির কলসকাঠিতে পড়ার সময় “ভারত ছাড়” আন্দোলনের মধ্য দিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু হয়।’ বরিশাল রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি মো. আলী জসিম, সাধারণ সম্পাদক নজরুল বিশ্বাস, সাংবাদিক আনিসুর রহমান, সুশান্ত ঘোষ, কামাল মাসুদুর রহমান, মিজানুর রহমান বুলু, রতন সেন কংকন প্রমুখ সভায় বক্তব্য দেন। আলোচনা সভা শেষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সাংবাদিক নির্মল সেনকে সম্মাননা প্রদান করা হয়।