৯/১১-এর বর্ষপূর্তিতে ক্ষোভ ও হতাশার ছায়া
২০০১ সালে যুক্তরাষ্ট্রে ৯/১১-এর সন্ত্রাসী হামলার ১১তম বর্ষপূর্তি কাল মঙ্গলবার। এ ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এখন প্রস্তুত নিউইয়র্ক। তবে জরুরি উদ্ধারকর্মীদের স্বাস্থ্যসমস্যা ও অর্থায়ন জটিলতার কারণে গ্রাউন্ড জিরোর জাদুঘর নির্মাণ বন্ধ হয়ে যাওয়ায় এবারের স্মরণ অনুষ্ঠানে যোগ হচ্ছে ক্ষোভ আর হতাশা। গতকাল রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।হামলার ঘটনার পর ১০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব ও ব্যয় বৃদ্ধির কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার ভবন পুনর্নির্মাণের কাজ এখনো খুঁড়িয়ে চলছে।ন্যাশনাল সেপ্টেম্বর ইলেভেন মেমোরিয়াল এবং মিউজিয়াম ফাউন্ডেশন ও নিউইয়র্ক ও নিউ জার্সির পোর্ট কর্তৃপক্ষের মধ্যে অর্থায়ন-সংক্রান্ত বিরোধের কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রাণকেন্দ্রে ১০০ কোটি ডলারের জাদুঘর নির্মাণ প্রকল্পও থমকে আছে।সম্প্রতি মিউজিয়াম ফাউন্ডেশন প্রথমবারের মতো ঘোষণা করেছে, চলতি বছর ৯/১১-এর বর্ষপূর্তিতে বক্তৃতা দেওয়ার তালিকা থেকে রাজনীতিবিদদের বাদ দেওয়া হবে। অর্থায়ন নিয়ে বিরোধের জের ধরেই কর্তৃপক্ষ এ ধরনের ঘোষণা দিয়েছে বলে মনে করা হচ্ছে।কাজের অগ্রগতিতে ছেদ পড়ার পেছনে ব্যয় বৃদ্ধিও অনেকাংশে দায়ী। ভবন পুনর্নির্মাণের ব্যয় বেড়ে এক হাজার ১০০ কোটি থেকে এক হাজার ৫০০ কোটি ডলার হয়েছে। এসব কারণে হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ও গ্রাউন্ড জিরোর অসুস্থ কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।এদিকে গ্রাউন্ড জিরোর উদ্ধারকর্মীদের মৃত্যুর মিছিল এখনো বেড়ে চলছে। উদ্ধারকর্মীদের স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ অপ্রতুল। ক্যানসারসহ নানা ব্যাধিতে তাঁরা আক্রান্ত হচ্ছেন। ৯/১১-পরবর্তী অসুস্থতাজনিত কারণে প্রাণহানির সংখ্যা এক হাজার পেরিয়ে গেছে। বিশ্ব বাণিজ্য কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের অধীনে গ্রাউন্ড জিরোর প্রায় ২০ হাজার কর্মী চিকিত্সাধীন রয়েছেন। এ ছাড়া ৪০ হাজার কর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।ক্ষুব্ধ কর্মীরা বলছেন, এখনো অনেকে মারা যাচ্ছেন। কেউ কেউ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, কারও বিয়ে ভাঙছে। অথচ এদিকে কর্তৃপক্ষের কোনো নজর নেই। উদ্ধারকাজে অংশ নিয়ে পা হারানো ফিল নামের এক উচ্ছেদ-বিশেষজ্ঞ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘৯/১১-এ দুই হাজার ৭৫১ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এটা দুঃখজনক। কিন্তু তাঁরা দীর্ঘ মেয়াদে ভোগেননি। ওই ঘটনার পর যাঁরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন, ১১ বছর ধরে তাঁরা ধীরে ধীরে মরছেন।’