১/১১-এর বিষয়ে এরশাদের আশঙ্কা ভিত্তিহীন
বিরোধী দল নির্বাচনে অংশ না নিলে আবারও এক-এগারো হওয়ার আশঙ্কা রয়েছে’—জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘এরশাদের কথার কোনো ভিত্তি নেই।’আজ রোববার সকালে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী। আমাদের সরকারের সময় সেনাবাহিনীকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। সেনাবাহিনীও মনে করে যে, রাষ্ট্র পরিচালনায় হস্তক্ষেপের চেয়ে দেশের শান্তি-শৃঙ্খলা ও দেশকে রক্ষা করা জরুরি।’ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন জেলা প্রশাসক নূর উর রহমান, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাহিদুল ইসলাম।