১/১১-এর সময় নিরাপদে বিদেশে ছিলেন আশরাফ: খন্দকার মাহবুব
বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ওয়ান ইলেভেনের সময় নিজেকে নিরাপদে রাখতে বিদেশে আয়েশি জীবন কাটিয়েছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। আজ মঙ্গলবার দুপুরে বরগুনা জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় খন্দকার মাহবুব হোসেন এ কথা বলেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে উদ্দেশ করে বলেন, ‘আশরাফ সাহেব একটু আরামপ্রিয় মানুষ, উনি ও ওনার স্ত্রী দুজনেই বিদেশি নাগরিক। ওয়ান ইলেভেনের সময় উনি নিজেকে নিরাপদে রাখতে বিদেশে আয়েশি জীবন কাটিয়েছেন। সেসব ঢাকতেই তিনি এখন এমন মন্তব্য করছেন।’খন্দকার মাহবুব আরও বলেন, ‘আমাকে নিয়ে যাঁরা নেতিবাচক মন্তব্য করেন তাঁদের জানা উচিত, খন্দকার মাহবুব হোসেন একক ব্যক্তি, যিনি ওয়ান ইলেভেনের সময় ডিজিএফআইয়ের রক্তচক্ষু উপেক্ষা করে তৎকালীন অসাংবিধানিক সরকারের অধীনে উপদেষ্টার পদ গ্রহণ করেনি।’ সভায় তিনি বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে আমার জয় সুনিশ্চিত জেনে ডিজিএফআইয়ের সহায়তায় কারা নির্বাচন বন্ধ করেছিল? পরে পাতানো নির্বাচনে ব্যারিস্টার শফিক আহমেদকে জয়ী করা হয়েছিল। কারণ, তত্কালীন অসাংবিধানিক সরকার জানত, খন্দকার মাহবুব জয়ী হলে সংবিধান লঙ্ঘনকারী সরকারকে কোনো অবস্থায়ই মেনে নেবে না। এসব জেনেই নিজেদের তৎকালীন কলংকিত ও বিতর্কিত ভূমিকাকে আড়াল করার জন্য সৈয়দ আশরাফ এমন মন্তব্য করছেন।’