১১ ও ১২ ফেব্রুয়ারি জাতীয় গণিত উৎসব ২০১১
১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১১। শুক্র ও শনিবার অনুষ্ঠেয় এ উৎসবের প্রধান আকর্ষণ নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। এ অলিম্পিয়াডের জন্য ইতিমধ্যে ১৩টি স্থানে আঞ্চলিক গণিত উৎসবের ৮৪০ জন নির্বাচিত হয়েছে। বগুড়া, রংপুর, বরিশাল, গোপালগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, খুলনা, রাঙামাটি, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও ঢাকা আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা জাতীয় উৎসবে যোগ দেবে। থাকছে মানিকগঞ্জের ছয় বিজয়ী। তাদের সবার বরাবর চিঠি পাঠানো হয়েছে। চিঠি না পেলেও আঞ্চলিক বিজয়ীদের কমলা রঙের টি-শার্ট পরে এবং বিজয়ীর সার্টিফিকেট নিয়ে উৎসব প্রাঙ্গণে হাজির হওয়ার জন্য বলেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ১১ ফেব্রুয়ারি সকাল আটটায় উৎসব শুরু হবে। শুরুতে আঞ্চলিক উৎসবের বিজয়ীদের নিজ নিজ অঞ্চলের বুথ থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর সকাল নয়টায় উদ্বোধনের পর সকাল ১০টা থেকে শুরু হবে সকল ক্যাটাগরির শিক্ষার্থীদের অংশগ্রহণে নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। প্রাইমারি ক্যাটাগরির পরীক্ষা দুই ঘণ্টার, জুনিয়র ক্যাটাগরির তিন ঘণ্টা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা হবে চার ঘণ্টার। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠানের দ্বিতীয় দিন সকাল সাড়ে আটটা থেকে বেলা একটার মধ্যে উৎসবের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। জাতীয় উৎসবের স্থান সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ঢাকার মোহাম্মদপুরে আসাদ এভিনিউয়ে অবস্থিত। আসাদগেট থেকে মোহাম্মদপুরের দিকে সামান্য এগোলেই হাতের বাঁ পাশে পড়বে বিদ্যালয়টি। প্রয়োজনে উৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারী বায়েজিদ ভূঁইয়ার (০১৯৩৬৭৫৫২৯৮) অথবা রকিবুল রকির (০১৫৫৩২৮৪৮৮৩) নম্বরে যোগাযোগ করা যাবে।আঞ্চলিক বিজয়ীদের জন্য লক্ষণীয় ১১ ফেব্রুয়ারি সকাল আটটার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে হবে। উৎসবে অবশ্যই আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের কমলা রঙের টি-শার্টটি পরে আসতে হবে। কারণ, উৎসবের দুই দিন এই টি-শার্ট পরেই গণিত অলিম্পিয়াডসহ সব ধরনের অনুষ্ঠানে অংশ নিতে হবে। উৎসবস্থলে এসে নিজ নিজ অঞ্চলের বুথ থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অলিম্পিয়াডে জ্যামিতি বক্স ব্যবহার করা যাবে, কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। প্রস্তুতির প্রতিদিনের খবর থাকছে গণিত অলিম্পিয়াডের ব্লগে।