১১ কোটি টাকা সুদ মওকুফ করবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট
শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজার ৭০০ ক্ষুদ্র বিনিয়োগকারীকে সুদ মওকুফের সুবিধা দেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অন্যতম সহযোগী প্রতিষ্ঠান। আজ রোববার আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরিচালনা পর্ষদের সভায় সুদ মওকুফের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান সুদ মওকুফের সিদ্ধান্তের সত্যতা স্বীকার করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজার ৭০০ বিনিয়োগকারীর ১১ কোটি টাকারও বেশি সুদ মওকুফ করবে। এই সুবিধা পেতে হলে প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আলাদাভাবে আবেদন করতে হবে। এর আগে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবি প্রায় ১০ হাজার বিনিয়োগকারীর ১৪ কোটি টাকা সুদ মওকুফের সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় আইসিবির সহযোগী প্রতিষ্ঠানটিও আজ সুদ মওকুফের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত শেয়ারবাজারে সর্বোচ্চ ১০ লাখ টাকা নিজস্ব অর্থ বিনিয়োগ করে তার বিপরীতে যাঁরা ঋণ সুবিধা নিয়েছেন, কেবল তাঁরাই সুদ মওকুফের সুবিধা পাবেন। তার আওতায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগাকারীদের একবছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করা হবে। পাশাপাশি ঋণগ্রস্ত বা ঋণ ছাড়া উভয় ধরনের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী আইপিও কোটাসুবিধা পাবেন। ২০১২ ও ২০১৩ সালে ইস্যু হওয়া সব আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণ করা হবে।আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের হিসাবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থের বিপরীতে ঋণসুবিধা নিয়ে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন—এমন গ্রাহক বা বিনিয়োগকারীর সংখ্যা প্রায় ১০ হাজার ৭০০ জন। একবছরে এদের সুদের পরিমাণ দাঁড়ায় ২২ কোটি টাকারও বেশি। যার ৫০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।