১১ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার চালের বড় আড়ত ভেন্ডাবাড়ী থেকে ১১টি গ্রামে যাওয়ার দুটি সড়কের বেহাল দশা হয়েছে। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ দুটি সড়কের পুরোটাই এবড়োখেবড়ো। অনেক স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে এই সড়ক দুটি দিয়ে সব ধরনের যান চলাচলে বিড়ম্বনা দেখা দিয়েছে।সরেজমিনে দেখা যায়, মিঠাপুকুর উপজেলার মধ্যপাড়া সড়কের মতলবের বাজার দিয়ে ঝারামবাড়ী থেকে দক্ষিণ দিকে ভেন্ডাবাড়ী পর্যন্ত তিন কিলোমিটার সড়ক ১০ বছর আগে পাকা করা হয়। কিন্তু সেই সড়কের বিভিন্ন স্থানে পিচের কার্পেটিং উঠে গেছে। এই সড়ক দিয়ে আগে বিভিন্ন গাড়ি চলাচল করলেও এখন তা করতে পারে না বলে লোকজন অভিযোগ করে। এই সড়কে মোটরগাড়ি কিংবা ট্রাক যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ বলে এলাকাবাসী জানান।এ ছাড়া ভেন্ডাবাড়ী থেকে পীরগঞ্জ বন্দরে যেতে উপজেলার কলোনীবাজার পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কেরও বেহাল দশা প্রত্যক্ষ করা যায়।উল্লেখ্য, এই সড়ক দুটি দিয়ে চলাচল করতে হয় পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের খাসতালুক, শাল্টি, ভাবনচূড়া, নয়াপাড়া ও অনন্তরামপুর, টুকুরিয়া ইউনিয়নের হরেনাথপুর, খেতাবেরপাড়া ও কোচারপাড়া এবং মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ, লক্ষ্মীপুর ও কানঞ্চগাড়ী গ্রামে।কাঞ্চনগাড়ী গ্রামের ব্যবসায়ী বাচ্চু মিয়া বলেন, নির্বাচনের আগে নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সড়কগুলো ভালো করার জন্য। কিন্তু কাজের আর কোনো বাস্তবায়ন হয়নি। খাসতালুক গ্রামের পল্লি চিকিৎসক শাহজাহান মিয়া বলেন, ‘আগের এমপির কাছে আবেদন করেছিলাম। বর্তমান এমপির কাছেও করেছি। শুধু হবে হবে বলে আমাদের জানানো হয়।’ শাল্টি গ্রামের কৃষক হারুন-অর-রশিদ বলেন, যেকোনো পণ্য ভেন্ডাবাড়ী বাজারে নিয়ে যেতে খুব ভোগান্তি পোহাতে হয়। ভাবনচূড়ার শিক্ষক হবিবর রহমান বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে অনেক কষ্ট পোহাতে হয়। মদনখালীর শিক্ষক মোখলেছুর রহমানও একই ধরনের কথা বলেন।চৈত্রকোল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস হোসেন এই এলাকার সড়ক সংস্কারের দাবি জানিয়ে বলেন, ভেন্ডাবাড়ী হলো জেলার একটি উল্লেখযোগ্য চালের আড়ত। এখান থেকে দেশের বিভিন্নস্থানে চাল সরবরাহ করা হয়ে থাকে। তিনি আরও বলেন, উপজেলার ঢাকা মহাসড়কের বড়দরগা থেকে সড়কটি ভালো হলেও ভেন্ডাবাড়ী থেকে উপজেলার কয়েকটি গ্রামে চলাচলে দুটি সড়কের বেহাল অবস্থা।পীরগঞ্জের সাংসদ আবুল কালাম আজাদ বলেন, রংপুর নতুন বিভাগ হলো। উপজেলার বেহাল সড়কগুলো ভালো করা হবে।