১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল সোয়া নয়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টা থেকে এই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই ঘাটেই প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, গতকাল রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শাহ পরান, এনায়েতপুরী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ভাষাশহীদ বরকত নামের চারটি রো রো ফেরি যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে। এসব ফেরিতে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা প্রায় ৫০০ যানবাহন ছিল।বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান বলেন, সাড়ে ১০টার কিছু আগে পাটুরিয়া ঘাট থেকে ২০টি যানবাহন নিয়ে শাহ আলী দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু ঘন কুয়াশার কারণে ফেরিটিকে মাঝ নদীতে নোঙর করতে হয়। ধীরে ধীরে কুয়াশা কেটে যাওয়ায় আজ সকাল সোয়া নয়টার পর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।এ ছাড়া কুমারী ও কপোতী নামের দুটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ায় ফেরির সংখ্যা কমে গেছে। এ কারণে পাটুরিয়া ঘাটে প্রায় ৫০০ গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে আছে।