আর ১/১১ চাই না, তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না। আমরা আর ওয়ান-ইলেভেন চাই না। রাজনৈতিক সহিংসতাও চাই না। গণতন্ত্রকে শক্তিশালীরূপে এগিয়ে নিতে হলে দলনিরপেক্ষ পরিবেশে নির্বাচন সবচেয়ে গ্রহণযোগ্য হবে। এ ক্ষেত্রে পরিবর্তিত রূপে হলেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে।আজ শনিবার সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘কোন পথে নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সিলেটের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা এই মতামত দেন।বৈঠকের শুরুতে লিখিত বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। এ শিক্ষা আমরা অতীত থেকে নিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার থাকলে আগের দলীয় সরকারের সাজানো ছক ভেঙে ফেলত। এতে করে নিরপেক্ষতার দিক প্রসারিত হতো। কিন্তু দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়।’আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে বদিউল আলম মজুমদার বলেন, ‘আগামী নির্বাচন আজ অনিশ্চিত। এ অবস্থা থেকে উত্তরণে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আরও অন্তত দুই টার্ম কিংবা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তিত রূপে হলেও ফিরিয়ে আনতে হবে।’বৈঠকে বক্তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার কথা প্রকাশ করেন এবং বিকল্প প্রস্তাব হিসেবে দলনিরপেক্ষ পরিবেশে নির্বাচন করার প্রতি গুরুত্বারোপ করেন।সিলেট সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান তাঁর মতামতে বলেন, ‘মানুষ আর ওয়ান-ইলেভেন দেখতে চায় না। আবার রাজনৈতিক সংঘাত, সহিংসতাও চায় না। বৃহত্ মানুষের এই চাওয়ার ক্ষেত্রে প্রয়োজন রাজনৈতিক ঐক্য। গণতন্ত্র শক্তিশালী করতে হলে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। আর রাজনৈতিক মতৈক্য ছাড়া গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখা কঠিন। মূলধারার রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দলনিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে আলোচনায় বসতে হবে।’সুজন সিলেট জেলা কমিটির সহসভাপতি শিক্ষাবিদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান রুমা চক্রবর্তী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক কেন্দ্রীয় সহসভাপতি শামীমুর রহমান, সিলেট চেম্বারের পরিচালক মো. লায়েছউদ্দিন, ন্যাপের সৈয়দ আবদুল হান্নান, বাসদের উজ্জ্বল রায়, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম ও নারী সাংবাদিক শামসাদ হুসাম।